বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিরল গত বছরের স্মৃতি। 2025 এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন হয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল ভারতীয় পুরুষ দল (Team India)। গতকাল, শ্রীলঙ্কাকে এশিয়া কাপে হারিয়ে সেই সূর্য কুমারদের পথেই হাঁটলেন হরমনপ্রীত কৌরেরা। ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন নকভি। নিয়ম মেনে তাঁর হাত থেকেই ট্রফি নিতে হতো ভারতীয় দলকে (India Asia Cup Trophy)। তবে সেটা করলেন না টিম ইন্ডিয়ার নারীরা। প্রশ্ন উঠছে, কেন এবারেও এশিয়া কাপের ট্রফি নিলো না ভারত?
কেন এশিয়া কাপের ট্রফি নিলো না ভারত?
রবিবার, এশিয়া কাপের ফাইনালে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নকভি। যদিও অনেক পরে। এদিন গ্যালারিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া থেকে শুরু করে সহ সভাপতি রাজীব শুক্লাদের পেছনেই বসেছিলেন নকভি। পাকিস্তান ক্রিকেট দল ফাইনালে উঠতে না পারায় পশ্চিমের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে যথেষ্ট হতাশ তা বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার 45 মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে ভারতের অবস্থান কী হবে সেটা বোধহয় আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল।
এদিন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নিজেও বোধহয় বুঝতে পেরেছিলেন ভারতীয় দল এবারেও তাঁর হাত থেকে ট্রফি নেবে না। সেজন্যই হয়তো মঞ্চে ছিল না এশিয়া কাপের ট্রফি। পরে দেখা গেল ভারতীয় দলের নারীরা মঞ্চে গিয়ে এশিয়া কাপের ট্রফি নিলেন না। এদিন ম্যাচ রেফারিকে পুরস্কার দেওয়া থেকে শুরু করে শ্রীলঙ্কাকে রানার্স আপের চেক তুলে দিতে দেখা গিয়েছিল। পুরস্কার দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার অধিনায়ককেও। আর তারপরই ঘোষণা করা হয় এখানেই অনুষ্ঠান শেষ হচ্ছে। এই সময় মঞ্চের আশেপাশে দেখা যায়নি ভারতীয় প্লেয়ারদের।
আরও পড়ুন: ‘বিতৃষ্ণা মনোভাব এসে গিয়েছে’ নাম ঘোষণা হতেই বিস্ফোরক রেজিনগরের তৃণমূল প্রার্থী রবিউল
বলাই বাহুল্য, গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে দূরত্ব অনেকটাই বেড়েছে ভারতের। তার প্রভাব পড়েছে ক্রিকেটে। যার শুরুটা হয়েছিল নো হ্যান্ডশেক বিতর্ক থেকে। আসলে মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং সর্বোপরি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাঁর কাছ থেকে কোনও রকমের পুরস্কার না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। এক কথায়, দুদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে থাকায় ছেলেদের পাশাপাশি এবার মেয়েরাও এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করল। গতবারের পুরুষ দলের ট্রফি এখনও পায়নি ভারত। এবার হয়তো মেয়েদের ট্রফিও দেবে না নকভি।