কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের দাপট, দায়ের শতাধিক অভিযোগ, আটক ৬২

প্রীতি পোদ্দার, কলকাতা: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে (Tarapith) ছিনতাইবাজের রমরমা, মাত্র ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় মোবাইল, সোনার গয়না, টাকা পয়সা চুরির শতাধিক অভিযোগ (Tarapith Theft Case) দায়ের হতেই কড়া অ্যাকশনে নামল পুলিশ প্রশাসন। সিসিটিভি ফুটেজ দেখে ৬২ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে প্রশাসনিক ব্যবস্থা জোরদার থাকায় গত বছরের তুলনায় কম অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করছে পুলিশ (Tarapith Police Station)।

কড়া নজরদারির আওতায় ছিল তারাপীঠ

প্রতি বছরের মত এবছরেও কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্ত সমাগম হয়েছে তারাপীঠে। আর সেই ভিড় সামলাতে আগে থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন। চুরি ছিনতাই এবং কোনো অসামাজিক কার্যকলাপ রুখতে তারাপীঠে মোতায়েন করা হয়েছিল ৪ হাজারেরও বেশি পুলিশকর্মীকে। এখানেই শেষ নয়, গোটা এলাকায় বসানো হয়েছিল ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। সঙ্গে ছিল ফেস রেকগনিশন ক্যামেরাও। কিন্তু এত নজরদারির মাঝেও দিনভর দাপিয়ে বেড়িয়েছে চোর-ছিনতাইবাজরা। পুলিশ সূত্রে খবর, ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় একশোর বেশি অভিযোগ জমা পড়েছে।

নজরদারির মাঝেই ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ আধিকারিকের তরফে জানা গিয়েছে, থানায় জমা পড়া অভিযোগগুলির মধ্যে প্রায় ১০টি রয়েছে সোনার গয়না ও মানিব্যাগ চুরি কিংবা ছিনতাই সংক্রান্ত। কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোবাইল হারানো বা চুরির বিষয়ে। এরপরই তদন্তে নামে পুলিশ। এবং বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তারাপীঠের বিভিন্ন এলাকা থেকে মোট ৬২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধারের বিষয়েও পুলিশি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: উপনির্বাচনে বড় চমক, নন্দীগ্রাম-রেজিনগরে সবার আগে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যায় অসামাজিক কাজ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাপীঠ থানার সামনে খোলা হয়েছিল বিশেষ কন্ট্রোল ওয়ার রুম। সেখান থেকেই তারাপীঠের বিভিন্ন প্রান্তে নজর রাখছিল পুলিশ। কিন্তু এত কড়া নিরাপত্তার মধ্যেও চুরি-ছিনতাইয়ের অভিযোগ ওঠায় প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। তবে পুলিশের আশ্বাস খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের ধরা হবে।

Leave a Comment