“শামিকে উপেক্ষা করা হয়নি, ও দেশের হয়ে যথেষ্ট খেলেছে” নির্বাচকদের পক্ষে সৌরভ গাঙ্গুলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলছেন মহাম্মদ শামি (Mohammed Shami)। তবুও জাতীয় দলের (Team India) দরজা বন্ধ! কবে টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন হবে ভারতীয় তারকা নিজেও জানেন না। আদৌ আর কোনও দিনও শামি জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারবেন কিনা সেই উত্তরও নেই কারও কাছে। টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি এর আগে ভারতের এই অভিজ্ঞ বোলারকে নিয়ে মুখ খুললেও আপাতত তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। এমতাবস্থায়, শামিকে নিয়ে নতুন মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দাদার কথায়, “শামিকে উপেক্ষা করা হয়নি। সে দেশের হয়ে প্রচুর খেলেছে!”

শামিকে নিয়ে বড় মন্তব্য সৌরভের

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ভারতীয় দলে শামির জায়গা না হওয়া নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে বহু প্রাক্তন ক্রিকেটারকে। সেই তালিকায় রয়েছেন সৌরভও। বিগত দিনগুলিতে বারবার ভারতের এই অভিজ্ঞ বোলারের পক্ষ নিয়ে নানান মন্তব্য করেছেন দাদা। তবে এবার তিনি পক্ষ নিলেন জাতীয় দলের নির্বাচন কমিটির! দাদার বক্তব্য, ভারতীয় দলে মোটেই উপেক্ষা করা হচ্ছে না শামিকে।

টিম ইন্ডিয়ায় বহুদিন দেখা নেই শামির। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, জসপ্রীত বুমরাহ দলে না থাকলে প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রারের মতো তরুণ বোলাররা সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়ার। সুযোগ থাকলেও শামিকে জায়গা দেওয়া হচ্ছে না! এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ বললেন, “ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছে। আমিও 10 হাজার রান করার পর এক বছর জাতীয় দলে খেলিনি। কিন্তু ফিরেছিলাম। ও ভাল খেলছে। তবে জানিনা কেন ওকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না।”

আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার সামনে টিম ইন্ডিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে? দেখুন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় তারকাকে টিম ইন্ডিয়ায় উপেক্ষা করার প্রশ্নে মুখ খুলে সৌরভ বললেন, “শামিকে উপেক্ষা করা হচ্ছে না। ও দেশের হয়ে অনেক খেলেছে।” 2027 ওয়ানডে বিশ্বকাপে কি শামি ভারতীয় দলে সুযোগ পাবেন? এমন প্রশ্নের উত্তরে সৌরভের খুব স্পষ্ট জবাব, শামি সুযোগ পাবেন কিনা এই উত্তরটা দেওয়া অত্যন্ত কঠিন। তবে ভারতীয় তারকা মনে করেন, অভিজ্ঞ বোলার ঘরোয়া ক্রিকেটে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছেন! দারুণ ছন্দে রয়েছেন। সব মিলিয়ে বলাই যায়, শামির বাদ পড়া প্রসঙ্গে এবার একপ্রকার নির্বাচকদের পক্ষ নিলেন গাঙ্গুলি।

Leave a Comment