সৌভিক মুখার্জী, কলকাতা: কৃষকদের জন্য বিরাট খবর। এবার নারকেল চাষে কৃষকদের উৎসাহিত করতে অর্থ সহায়তা করছে সরকার। যদি আপনি নতুন করে নারকেল গাছ (Coconut Farming) বসান, তাহলে এবার চারাপিছু পাবেন ৩৫০ টাকা করে ভর্তুকি। নারকেল উন্নয়ন বোর্ড এবং পশ্চিমবঙ্গের কৃষি দফতর যৌথভাবে চারাগাছ রোপণের ক্ষেত্রে এবার কৃষকদের এই অর্থ সহায়তা করার ঘোষণা করেছে। কিন্তু কীভাবে পাবেন এই ভর্তুকির টাকা?
নারকেল গাছ লাগালেই মিলবে ৩৫০ টাকা
কৃষকদের আর্থিকভাবে সাহায্য করতে পিএম কিষাণ থেকে শুরু করে শস্য বীমা যোজনা, কৃষক বন্ধুসহ একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। তবে এবার নারকেল চাষীদের আরও উৎসাহ করতেই এই ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে একজন ৫ থেকে ৩২০টি পর্যন্ত লাগাতে পারবেন। আর প্রতিটি চারাগাছ লাগানোর জন্যই আলাদাভাবে ৩৫০ টাকা করে সহায়তা পাওয়া যাবে। সরকারের মূল উদ্দেশ্য একটাই, ক্ষুদ্র চাষী, মাঝারি চাষী এবং ব্যক্তিগত উদ্যোগে যারা গাছ লাগাতে চান, তাদেরকে আরও উৎসাহ প্রদান করা। এমনকি সাড়ে ৭ বিঘার থেকে বেশি জমি যাদের রয়েছে, তারা নারকেল বাগান তৈরি করলে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে।
এই প্রকল্পের আওতায় বিঘা বা একর প্রতি আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে উন্নত জাতের নারকেল গাছ কিনতে সরকার অনুমোদিত চারা নির্বাচন করার পরামর্শও দেওয়া হয়েছে। এমনকি এই প্রকল্পে প্রত্যেক শ্রেণির কৃষক আবেদন করতে পারবেন, যদি তিনি নারকেল চাষ করতে ইচ্ছুক হন। আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী পশ্চিমবঙ্গ সরকারের ডেভেলপমেন্ট বোর্ড বা স্থানীয় ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন: প্রত্যেক পড়ুয়ার APAAR আইডি বানানো বাধ্যতামূলক, বড় ঘোষণা রাজ্য সরকারের
তবে পরিচয়পত্র হিসাবে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে নিতে হবে। এর পাশাপাশি জমির পর্চা, বৈধ ব্যাংক অ্যাকাউন্ট এবং বৈধ মোবাইল নম্বর জমা দেওয়া লাগবে। ভর্তুকির টাকা সরাসরি অ্যাকাউন্টেই পাঠানো হবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, চারা রোপণের সঠিক নিয়ম মানতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে। মোটামুটি ৩ ফুট × ৩ ফুট মাপের গর্ত করে এই চারা রোপণ করা যাবে। পাশাপাশি গোবর সার, খোল ইত্যাদি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।