প্রীতি পোদ্দার, কলকাতা: ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর! এবার বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup Final) দেখার সুব্যবস্থা করছে শুভেন্দু অধিকারীর সরকার (Government Of West Bengal)! এমনকি, এর জন্য প্রতিটি জেলাকে দেওয়া হবে ১ লক্ষ টাকা! বিগত কয়েকদিন ধরে বিশ্বকাপ নিয়ে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়েছে আট থেকে আশি সকলের মনে, সব জায়গাতেই মেসি রোনাল্ড নিয়ে চলছে চর্চা। এমতাবস্থায় ফুটবলপ্রেমীদের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে খেলা।
১ লক্ষ টাকা করে অনুদান সরকারের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার, রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে জেলা শাসকদের উদ্দেশে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য জেলায় জেলায় বিশেষ আর্থিক অনুদান বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ জুলাই রাত সাড়ে বারোটায় খেলা দেখানোর সুব্যবস্থা করার জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনবহুল এলাকাগুলোতে বড় পর্দার ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ একসঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন।
জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে খেলা
জানা গিয়েছে, সরকারের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের। তাঁরাই জায়ান্ট স্ক্রিন বসানোর জায়গা নির্বাচন থেকে শুরু করে দর্শকদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার বিষয়টি দেখবেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রত্যন্ত এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে এক আলাদাই উচ্ছ্বাস দেখা গিয়েছে। ক্রিকেটের মতো এবার তাঁরাও একসঙ্গে গোটা গ্রাম বসে ফুটবল খেলা দেখবে। নতুন সরকার পরিবর্তন হতেই সরকারের এই উদ্যোগ সকলকে বেশ আশ্বস্ত করেছে।
আরও পড়ুন: অবশেষে বড় জয়! হাইকোর্টের রায়ে মিলল চাকরি
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। সেক্ষেত্রে লামিনে ইয়ামাল ও মেসির প্রতিদ্বন্দ্বিতা দেখতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা। যদিও একাধিক ক্লাব, সংগঠনের তরফে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় খেলা দেখার ব্যবস্থা করে রেখেছে। তবে এই প্রথমবার রাজ্যের তরফে এই অভিনব উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদা জায়গা এনে দিয়েছে।