সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে ছাত্র আন্দোলনে উত্তপ্ত রাজনীতি। তবে এরই মধ্যে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে নতুন রাজনৈতিক দল (Political Party) গড়ার কথা ঘোষণা করলেন সদ্য তৃণমূল ত্যাগী নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। বিশেষ করে জেন-জি বা যুব সম্প্রদায়কে সামনে রেখেই তৈরি হবে ‘আজাদ হিন্দ পার্টি’ নামের এই রাজনৈতিক দল। এই দলের উদ্দেশ্য হবে নেতাজির আদর্শকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এমনকি দলের মেন্টর হিসাবে দায়িত্ব নেবেন স্বয়ং নেতাজির প্রপৌত্র। নিজেই জানিয়েছেন এ কথা।
নেতাজির আদর্শে নতুন রাজনৈতিক দল
আসলে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলেই নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুর থেকে ‘আজাদ হিন্দ সরকার’ দল গঠনের ঘোষণা করেছিলেন। সেই সূত্র ধরেই তাঁর প্রপৌত্রের বক্তব্য, ২১ অক্টোবর থেকেই নতুন এই রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হবে। এমনকি নেতাজির জন্মস্থান ওড়িশার কটক শহর থেকেই শুরু হবে এই দলের কাজ। চন্দ্র বসুর দাবি, এতদিন বিভিন্ন রাজনৈতিক দলে থেকে নেতাজির আদর্শে তিনি কাজ করতে পারেননি। সেই কারণেই এই উদ্যোগ।
আসলে ২০১৬ সালে বিজেপিতে যোগদান করে দীর্ঘ ৭ বছর তিনি সেই দলে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি আর্জি জানিয়েছিলেন, নেতাজির আদর্শ মেনে কাজ করতে চান। তবে সেই আশা তাঁর পূরণ হয়নি। পরবর্তী সময়ে মমতার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চন্দ্র বসু। তবে এবার নির্বাচনে ভরাডুবির পর তিনি নিজেই দলনেত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূল থেকে সরে দাঁড়ান। তাঁর বক্তব্য, “বিজেপিতে যখন ছিলাম তখনও নেতাজির আদর্শ অনুযায়ী কাজ করতে পারিনি। আর তৃণমূল রাজ্যে হারার পর জাতীয় স্তরে করার কিছুই নেই। কিন্তু কাজ তো করতে হবে। তাই নতুন রাজনৈতিক দলের ভাবনা।”
আরও পড়ুন: প্রথমে ১০ হাজার, পরে ২ লাখ! এই মহিলাদের টাকা দিচ্ছে রাজ্য সরকার, কীভাবে আবেদন?
এমনকি এই দল গড়ার ভাবনা যে একদিকের নয় তাও স্পষ্ট জানিয়েছেন চন্দ্র বসু। এক সময় নেতাজির আদর্শে কাজ করতে তিনি ‘আজাদ হিন্দ মোর্চা’ গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই বিষয়ে বিজেপিতে যোগদানের আগে মোদীর সঙ্গে কথা বলেছিলেন চন্দ্র বসু। কিন্তু তাঁর দাবি অনুযায়ী মোদী জানান, “ইতিমধ্যেই ১৬০০ রাজনৈতিক দল আছে। নতুন একটা দল গড়ে কী হবে? বরং একসাথে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।” সেই থেকেই বিজেপিতে যোগদান। তবে পরে বেশ কিছু মনোমালিন্যের জেরে দল ছাড়তে বাধ্য হন নেতাজির প্রপৌত্র। এমনকি তৃণমূলে গেলেও মেলেনি স্বস্তি। সেই কারণেই এবার এই নতুন দল গঠনের ঘোষণা।