সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিনিয়ত ট্রেনে ভ্রমণ করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। যদি ট্রেন বা স্টেশন সংলগ্ন এলাকায় এবার থেকে সামান্য ভুল করেন তাহলেই গুনতে হতে পারে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার পাবলিক ট্রাস্ট আইন ২০২৬ এর আওতায় এবার জরিমানা ভিত্তিক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এমনিতেই টিকিট ছাড়া ভ্রমণের জন্য জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। তবে এর পাশাপাশি রেল (Indian Railways) সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য মোটা অংকের জরিমানা নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
নতুন জরিমানার তালিকা
ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন ভুলের ক্ষেত্রে জরিমানার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী—
- বিনা টিকিটে ভ্রমণ করলে আগে ২৫০ টাকা জরিমানা ছিল। কিন্তু এখন তা ৫০০ টাকা করা হচ্ছে। এমনকি টাকা পরিশোধ না করলে বিষয়টি আদালত পর্যন্ত যেতে পারে।
- অন্যের টিকিটে ভ্রমণ করলে আগে ২৫০ টাকা জরিমানা ছিল, এবং এখন ৫০০ টাকা করা হচ্ছে।
- অবৈধভাবে ট্রেনের ভিতরে ভিক্ষাবৃত্তি, হকারি করতে গিয়ে ধরা পড়লে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। এমনকি পুনরায় ধরা পড়লে এক বছর পর্যন্ত জেল হতে পারে।
- ট্রেন বা স্টেশন সংলগ্ন এলাকায় আপত্তিকর ভাষা ব্যবহার করলে ১০০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি যারা মাদকাসক্ত তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে।
- মহিলাদের কোচে ভ্রমণ করলে পুরুষদের ক্ষেত্রে ২৫০০ টাকা জরিমানা নেওয়া হবে। আর রেল কর্মীরা অবিলম্বে ট্রেন থেকে নামিয়ে দেবে।
- যদি ব্যাগে করে নিষিদ্ধ বা বিপজ্জনক পণ্য বহন করে থাকেন তাহলে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- এছাড়া যাত্রী এলাকায় অননুমোদিত প্রবেশ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে এবং স্টেশনে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ছাড়া যদি ফেরি করে জিনিস বিক্রি বা ভিক্ষা করা হয় তাহলে গুনতে হবে ২০০০ টাকা জরিমানা। এমনকি বারবার একই কাজ করলে ১ বছরের জেল হতে পারে। পাশাপাশি যদি কোনও যাত্রী ট্রেনে উপদ্রব সৃষ্টি করে বা অশ্লীল ভাষা ব্যবহার করে তার ক্ষেত্রেও ১০০০ টাকা জরিমানা করা হবে। আর মদ বা অন্য কোনও নেশা জাতীয় দ্রব্য সেবন করে রয়েছেন এরকম ব্যক্তিকে তাৎক্ষণিক ট্রেন বা স্টেশন থেকে বের করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা চালু হলেও সরকারি ওয়েবসাইটে মিলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, শুনে যা জানালেন মন্ত্রী
সবথেকে বড় ব্যাপার, প্রতি ৩ বছর অন্তর এবার ১০% করে জরিমানার অংক বাড়ানো হবে বলে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে। হ্যাঁ, পাবলিক ট্রাস্ট নিয়ম অনুযায়ী ভিন্ন কোনও সংশোধন ব্যবস্থা তৈরি না হলে এই জরিমানা প্রতি তিন বছর অন্তর বাড়ানো হবে। আর এই নিয়মের প্রধান উদ্দেশ্য হল ছোটখাটো অপরাধকে আইনের আওতায় নিয়ে আসা।