ডিজেল ও এভিয়েশন ফুয়েল রপ্তানি শুল্ক বাড়াল সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল সকাল ফের একবার বড় খবর পেলেন দেশবাসী। একদিকে যখন এলপিজি থেকে শুরু করে পেট্রোল ডিজেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, তখন ডিজেল ও এটিএফ-এর দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) রপ্তানির উপর শুল্ক (Export Duty) বাড়িয়েছে।

ডিজেল ও এটিএফ রপ্তানিতে বড় সিদ্ধান্ত কেন্দ্রে

রাজস্ব বিভাগের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, ডিজেলের উপর রপ্তানি শুল্ক এখন থেকে প্রতি লিটারে ১৪ টাকা এবং এটিএফ-এর উপর প্রতি লিটারে ১২.৫ টাকা ধার্য করা হবে। তবে, পেট্রোলের রপ্তানি শুল্কে কোনো পরিবর্তন করা হয়নি। অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বিক্রি হওয়া পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্কের হারও অপরিবর্তিত রাখা হয়েছে। সংশোধিত হারগুলি মঙ্গলবার অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে। স্বস্তি একটাই এই বৃদ্ধি সাধারণ গ্রাহকদের প্রভাব ফেলবে না।

প্রকৃতপক্ষে, পশ্চিম এশিয়ায় চলমান অস্থিতিশীলতার মধ্যে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে সরকার ২৭শে মার্চ থেকে পেট্রোল, ডিজেল এবং এটিএফ রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) এবং সড়ক পরিকাঠামো সেস (RIC) আরোপ করা শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই হারগুলো প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা করা হয় এবং অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল ও এটিএফ-এর গড় আন্তর্জাতিক মূল্যের উপর ভিত্তি করে সংশোধন করা হয়। এর আগের সংশোধনটি হয়েছিল ১লা জুন।

পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ নিয়ে কী বলেছে সরকার?

এদিকে, পেট্রোলিয়াম মন্ত্রণালয় সোমবার আশ্বস্ত করেছে যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের কোনো ঘাটতি নেই। এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব সুজাতা শর্মা নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীলভাবে শক্তি ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বড় শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেটগুলোর ওপর চাপ কমাতে নিজেদের পাম্প থেকে ডিজেল কেনার জন্য অনুরোধ করেছেন।

আরও পড়ুনঃ ফসল বেচে দেন কোচিং ফি, UPSC ক্র্যাক করে আজ IPS কৃষকের ছেলে

যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুরোপুরিভাবে পুনরায় খুলে দেওয়ার ঘোষণা করেছেন। এদিকে স্বাভাবিকভাবেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এবং পেট্রোল ও গ্যাসের ঘাটতি শেষ হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ঠিক এই কারণেই কেন্দ্রীয় সরকার ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) রপ্তানির উপর শুল্ক বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার সরকার জ্বালানির দাম কমায় কিনা।

Leave a Comment