তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির বার্তা, কোন কোন জেলায়? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: রোদের প্রচণ্ড তাপে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার উপর আর্দ্রতাজনিত অস্বস্তি তো রয়েছেই। এদিকে বঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে (South Bengal) তার প্রভাব এখনও কার্যত অধরা। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকলেও অধিকাংশ জেলায় দেখা নেই বৃষ্টির। ফলে গরম মোটেও কমছে না। তবে এবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আগামীকালও (Weather Tomorrow) থাকবে বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে বৃষ্টির আবহাওয়া বজায় থাকলেও গরমে রীতিমত খারাপ অবস্থা দক্ষিণবঙ্গের। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীঘ্রই স্বস্তি ফিরিয়ে আনতে চলেছে বৃষ্টি। আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোদের তাপ বজায় থাকবে। যার ফলে অস্বস্তিকর গরম বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে, আগামী শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিমাণ বাড়বে। আশা করা যাচ্ছে রবিবার থেকে তাপমাত্রার পারদও কিছুটা নামতে পারে।

আরও পড়ুন: র‍্যাপিডো চালককে অপমান, গালিগালাজ করার শাস্তি! কোম্পানি থেকে বরখাস্ত ভাইরাল তরুণী

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

একদিকে যখন হাঁসফাঁস করা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে, তখন বৃষ্টি অব্যাহত উত্তরবঙ্গে। বর্ষা প্রবেশ করায় বিগত কয়েকদিন ধরেই হতেই চলেছে বৃষ্টি। আগামীকালও বজায় থাকবে বৃষ্টি। জানা গিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ভূমি ধসের সতর্কতাও জারি করা হয়েছে।

Leave a Comment