দাসপুরে স্কুলের বাথরুমে অশালীন ভিডিও বানিয়ে বিপাকে ছাত্রীরা, অভিনব শাস্তি কর্তৃপক্ষের

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলের বাথরুমে মোবাইল নিয়ে লুকিয়ে অশালীন ভিডিও বানিয়েছে ছাত্রীরা, খবর প্রকাশ্যে আসা মাত্রই অভিনব শাস্তি দিল স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে দাসপুরে (Daspur)। স্কুলে পড়ুয়ারা আসে শিক্ষা নিতে। কিন্তু পঠনপাঠন তো দূর, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেদেরকে এতটাই জড়িয়ে ফেলেছে যে যখন তখন যা খুশি তাই ভিডিও (Video) বানাচ্ছেন তারা। এতেই বদনাম ছড়াচ্ছে স্কুলের। আর তাই এবার সেই ঘটনার শাস্তি দিতে অভিনব উদ্যোগ নিল দাসপুরের এই স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের বাথরুমে অশালীন ভিডিও

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শিক্ষক দিবসের দিন, দাসপুর ২ ব্লকের নবীনমানুয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলে অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রী স্কুলে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে আসে। এবং স্কুলের বাথরুমে ঢুকে নানারকম অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর এই পোস্ট ক্রমে ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয় স্কুল চত্বরে। খবর পৌঁছয় শিক্ষক শিক্ষিকাদের কাছে। এরপর ওই ছাত্রীদের অভিনব উপায়ে শাস্তির আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ, যাতে দ্বিতীয়বার স্কুলের নাম বদনাম করার আগে ভাবতে হয় তাদের।

অভিনব শাস্তির ব্যবস্থা স্কুলে

জানা গিয়েছে, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করে চরম শাস্তির আয়োজন করেছিল। টিচার ইন চার্জ শুভ্রপ্রকাশ মণ্ডল জানিয়েছেন যে, ওই ছাত্রীরা প্রার্থনা সভার সময় সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সামনে ক্ষমা চায়। এবং তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল থেকে সাসপেন্ড করা হয় তাদের। এখানেই শেষ নয়, সাসপেনশন চলাকালীন পড়াশোনা যাতে সঠিকভাবে করা হয় তার জন্য প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ৫০ নম্বরের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং মূল্যবোধের শিক্ষা দিতে তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধের বই পড়তে হবে এবং অক্টোবর মাসে ওই বইগুলির থেকে ১০ পাতা করে মূল ভাবনা লিখে জমা দিতে হবে।

আরও পড়ুন: নেতাজি ভবন মেট্রো স্টেশনে তুলকালাম! RPF-র সঙ্গে চরম ধস্তাধস্তি দুই মহিলার

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রীদের উচিত শিক্ষা দিতে শুধু সাসপেন্ড করলেই হবে না, এর পাশাপাশি ছাত্রীদের পড়াশোনার মান আরও উন্নত করে তুলতে এবং নৈতিক শিক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়াও জরুরি বলে মনে করা হচ্ছে। এদিকে স্কুলের তরফে এই শাস্তি দেওয়া নিয়ে বেশ খুশি অভিভাবকরা। আশা করা যাচ্ছে এই শাস্তির মুখে পড়ে ছাত্রীদের নৈতিক জ্ঞানবোধ বাড়বে।

Leave a Comment