প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি.. খাতায় কলমে বর্ষা চলে গেলেও আদতে রাজ্য থেকে মন সরাতে পারছে না বৃষ্টি (Rain)। তাইতো কখনও নিম্নচাপ তো কখনও আবার মৌসুমী অক্ষরেখার কারণে দিন রাত হয়েই চলেছে বৃষ্টি। তবে এবার বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আগামীকাল (Weather Tomorrow) থেকেই নাকি উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গে (South Bengal) অনেকটাই পরিবর্তন হবে আবহাওয়া।
এইমুহুর্তে নিম্নচাপ কেটে গেলেও মৌসুমী অক্ষরেখার সক্রিয় থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আগামীকাল থেকেই অনেকটাই উন্নত হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিকে আবার আগামী ১১ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও এর অবস্থান বাংলা থেকে অনেকটাই দূরে থাকবে। ফলে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝেমধ্যে মেঘের আনাগোনা দেখা গেলেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। যার ফলে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি কমলে মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলতে পারে। আগামীকাল থেকেই মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি উন্নত হতে পারে। তবে, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আরও পড়ুন: লোন দেওয়ার নামে আইনজীবী সেজে প্রতারণা, বনগাঁ আদালত থেকে গ্রেফতার ৩
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টির দাপট থাকলেও উত্তরবঙ্গে আপাতত আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাদ যাবে না আলিপুরদুয়ার, কোচবিহার। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।