পড়ুয়াদের ওপর পড়ছে কুপ্রভাব! স্কুলের ৫০০ মিটারের মধ্যে ‘স্টিং’ ব্যান করল সরকার

অনন্যা সরকার, মহারাষ্ট্র: ছোট বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে বিশেষ পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। উপযুক্ত নয় এমন কিছু উপাদানের কারণে স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যের ওপর কুপ্রভাব পড়ার আশঙ্কায় শুক্রবার মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয় যে, রাজ্যের স্কুলগুলোর ৫০০ মিটারের মধ্যে ‘স্টিং’ (Sting) এনার্জি ড্রিংক এবং আরও কয়েকটি নেশাজাতীয় পদার্থের বিক্রি নিষিদ্ধ করা হবে।

স্টিং-এর বিক্রি বন্ধ স্কুলের আশেপাশে

বিধানসভায় বিজেপি বিধায়ক বিক্রম পাচপুটের তোলা একটি প্রশ্নের জবাবে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল জানিয়েছেন, স্কুলপড়ুয়াদের ওপর এনার্জি ড্রিংকের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে, তাই রাজ্যের সকল স্কুলের ৫০০ মিটারের মধ্যে ‘স্টিং’ নামক জনপ্রিয় এনার্জি ড্রিংকটির বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও মন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য এফডিএ (FDA)-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এও জানান যে, এনার্জি ড্রিংক পান করলে কী কী স্বাস্থ্য ঝুঁকি থাকে, সে সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার জন্য স্কুলগুলোকে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত এনার্জি ড্রিংকে উচ্চ মাত্রায় ক্যাফেইন এবং চিনি ব্যবহার করা হয়, যা বেশি পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

নরহরি জিরওয়াল বলেন, স্কুল চত্বরের ভেতরে ও আশেপাশে ‘স্টিং’ এনার্জি ড্রিংক বিক্রি হওয়া নিয়ে মাননীয় বিধায়ক বিক্রম পাচপুটে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা কিছুটা হলেও বৈধ। যদি কোনো স্কুল ক্যাম্পাসের ৫০০ মিটারের মধ্যে এই ধরনের এনার্জি ড্রিংক বা অন্য কোনো নেশার দ্রব্য বিক্রি হতে দেখা যায়, তবে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। বিধায়ক আরও জানতে চান যে, মহারাষ্ট্র সরকার নাবালক, নাবালিকাদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করার জন্য কোনো নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কিনা। 

আরও পড়ুনঃ কাটোয়া সহ একাধিক স্টেশনে বসছে লিফ্ট-এস্কেলেটর, হাওড়া ডিভিশনের জন্য বড় ঘোষণা রেলের

শুধু তাই নয়, এই আলোচনা চলাকালে আরও দুই বিধায়ক – রাহুল কুল ও বরুণ সরদেশাই ১৮ বছরের কম বয়সীদের কাছে এই ধরনের পানীয়ের সহজলভ্যতা রোধ করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। খাদ্য ও ঔষধ মন্ত্রী মন্ত্রী নরহরি জিরওয়াল বলেন, সরকার প্রস্তাবিত নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়িত করার পাশাপাশি স্কুল পর্যায়ে সচেতনতামূলক প্রচারের ওপর জোর দিচ্ছে।

Leave a Comment