প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এলেন তৃণমূলত্যাগী ২০ জন NCPI সাংসদ। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অভিযোগের উত্তর দিতে পুনরায় স্পিকারের কাছে আরও ৪ সপ্তাহ সময় চাইলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা। আর তাতেই বাড়ছে রাজনৈতিক বিতর্ক। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুনানির আগেই সময় চেয়ে লোকসভার (Lok Sabha) স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) ও কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদ।
দলত্যাগীদের পদ খারিজের অভিযোগ অভিষেকের
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরেই বাংলায় দীর্ঘ ১৫ বছরের শাসনকাল শেষে বিপুল ভোটে ভরাডুবির সম্মুখীন হতে হয় তৃণমূল কংগ্রেসকে। আর তার পরেই মমতার হাত ছাড়েন একের পর এক সংসদ এবং বিধায়করা। তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে তৃণমূল কংগ্রেস। যে ২০ জন সাংসদ মমতার হাত ছাড়েন তাঁরাই পরে যোগ দেন এনডিএ-র সহযোগী দল ন্যাশনালিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ NCPI তে। আর তারপরেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দলত্যাগী সাংসদদের সদস্য পদ খারিজের আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি।
২০ জন সাংসদের কাছে চিঠি স্পিকারের
এখনও অবধি খাতায় কলমে লোকসভায় তৃণমূল সাংসদ হিসাবেই রয়ে গেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। পৃথক কোনও দলের স্বীকৃতিও তাঁরা এখনও পাননি। এই পরিস্থিতিতে আইনি মারপ্যাঁচকে কাজে লাগিয়েই সাংসদ পদ খারিজের দাবির অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় ২৫ আগস্ট সচিবালয়ের তরফে NCPI-এ যোগ দেওয়া ২০ জন সাংসদের কাছে চিঠি পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে ওঠা দলত্যাগবিরোধী আইন প্রয়োগ না করার যুক্তিসঙ্গত ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল।
আরও পড়ুন: কেরলে ৪০ বছরের বামেদের দুর্গে ABVP-র রাজ, সংস্কৃত কলেজের নির্বাচনে শূন্য SFI
আরও ১ মাস সময় চাইল বিদ্রোহী সাংসদরা
জানা গিয়েছে প্রথম দফায় সেই নোটিসের উত্তর দেওয়ার জন্য প্রথম দফায় সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আবেদন মেনে সময় বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করেছিল লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর। কিন্তু এই সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই সচিবালয়ের কাছে নতুন করে ফের সময় চান তৃণমূলের এই প্রাক্তন সাংসদরা। আরও ৪ সপ্তাহ চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা। এখন দেখার স্পিকার তাঁদের এই অতিরিক্ত সময় চাওয়ার আর্জিতে সাড়া দেন কি না।