বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনিয়োগ দুর্নীতিতে কিছুদিন আগেই স্ত্রী এবং দুই পুত্রকে তলব করেছিল ইডি। আর তারপরেই একেবারে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মদন মিত্র (Madan Mitra)। বুধবার এ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। কালীঘাট তৃণমূল (Trinamool Congress) ছেড়ে নব্য তৃণমূলে যোগ দিতেই একের পর এক বিস্ফোরক সব অভিযোগ করেছেন মদন। গতকাল, টেলিভিশনের পর্দায় ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে হাজির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের সদস্যদের চোর বলে উল্লেখ করেন মদন। কামারহাটির বিধায়ক একেবারে সরাসরি চ্যালেঞ্জ করেন তৃণমূল সুপ্রিমোকে।
মমতার টিমের আটজনকে চোর বললেন মদন!
বুধবার, হঠাৎ ঋতব্রত শিবিরে হাজির হয়েছিলেন মদন মিত্র। ঋতব্রত, সন্দীপন সাহাদের পাশে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মদন। বিধায়ক বলেন, “আমি তৃণমূলের ছিলাম, তৃণমূলেই রইলাম। শুধু এ ঘর থেকে ও ঘরে গেলাম।” এদিন শিবির বদল করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে মদন মিত্রকে। নিশানা করেছেন এতদিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
গতকাল, ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মদন মিত্র। সেখানেই তাঁকে বিশ্লেষক বিশ্বনাথ বসু থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর সেই অনুষ্ঠান চলাকালীনই মমতাকে নিশানা করে মদন মিত্র একেবারে জোর গলায় বলেন, “আমি প্রমাণ করে দেব আপনার শিবিরের 10 জনের 8 জন চোর। আপনি যদি প্রমাণ করতে পারেন মদন মিত্র চোর, আমি নিজে হাতে গলা কেটে দেব! চ্যালেঞ্জ।”
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে ক্ষমতা কার বেশি? দেখুন আর্জেন্টিনা বনাম স্পেনের হেড টু হেড পরিসংখ্যান
উল্লেখ্য, মদন মিত্রর পাশাপাশি কিছুদিন আগেই মমতার সঙ্গ ছেড়েছেন দীর্ঘদিনের সঙ্গী তথা তৃণমূলের পুরনো নেতা বীরভূমের অনুব্রত মণ্ডলও। তাঁর জায়গা হয়েছে ঋতব্রতর নতুন তৃণমূলে। গতকাল সেই অনুব্রতই, দুর্নীতি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন। বলেন, তিনি অভিষেকের জন্যই জেলে গিয়েছিলেন। একই সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অনুব্রতর বক্তব্য ছিল, উনি কান দিয়ে দেখেন আর চোখ দিয়ে শোনেন!