ফিরছে টাটা! বাংলায় ২১০০ কোটির বিনিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতার পালা বদল হতেই দুইমাসের মাথায় রাজ্যের শিল্প ব্যবস্থা নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। বাংলায় এবার ২১০০ কোটির জোড়া লগ্নি নিয়ে বড় ইঙ্গিত দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ! শুধু তাই নয়, টাটাদের নিয়েও রাজ্যে শিল্প বিনিয়োগ করা হবে বলে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৭ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা রাখছে বিশেষজ্ঞ মহল।

২,১০০ কোটি টাকার লগ্নি রাজ্যে!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার, নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সঙ্গে এক আলোচনার মাধ্যমে রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, খুব শীঘ্রই রাজ্যে প্রায় ২,১০০ কোটি টাকার দুটি নতুন শিল্প প্রকল্পের ঘোষণা হতে পারে। পাশাপাশি টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্যে একটি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প স্থাপনের ক্ষেত্রেও এক নয়া ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তাই ভবিষ্যতে শিল্পমহলে এক বড় ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে একাংশ।

কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে রাজ্যে দুটি বড় শিল্প আসতে চলেছে, যার মধ্যে একটি হল ৬০০ কোটির হোসিয়ারি শিল্প এবং অপরটি হল ১৫০০ কোটির ইস্পাত কারখানা। তাঁর ঘোষণা, রাজ্যে একটি বড় হোসিয়ারি কারখানার আসতে চলেছে, সেখানে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে। আর এটি মূলত একটি শ্রম-নিবিড় উৎপাদন শিল্প হওয়ায় রাজ্যের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি অত্যাধুনিক ইস্পাত বা স্টিল কারখানা গড়ারও প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি বছরে নাকি আরও বেশ কিছু সুনির্দিষ্ট লগ্নির প্রস্তাব ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন: এসি লোকাল তো ছিলই, এবার শিয়ালদা-কৃষ্ণনগর লাইনে ট্রেন সম্প্রসারণের ঘোষণা রেলের

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে সিঙ্গুর আন্দোলন এক অন্যতম চর্চিত বিষয়। আর এবার সরকার পরিবর্তন হতেই ফের টাটা গোষ্ঠীর প্রসঙ্গ উঠে এল। বিজেপি সরকার চাইছে রাজ্যের মাটিতে এবার টাটা গোষ্ঠী যেন একটি আধুনিক ‘সেমিকন্ডাক্টর তৈরির ইউনিট’ এবং ‘ডেটা সেন্টার’ গড়ে তোলে। যদিও সেই নিয়ে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী দিনে টাটা গোষ্ঠীর সঙ্গে নবান্ন সরাসরি আলোচনা করা হবে। এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৭ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করা হচ্ছে।

ইতিমধ্যেই রাজ্যের নয়া শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে মন্ত্রিসভার একটি বিশেষ ‘ক্যাবিনেট সাব-কমিটি’ গঠন করা হয়েছে। আর এই কমিটিই তৈরি করছে রাজ্যের নয়া শিল্প নীতি। তবে এখনো সেটি আত্মপ্রকাশ হয়নি। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসেই নতুন সরকারের প্রথম শিল্প সম্মেলন বা বিজনেস মিট আয়োজিত হতে পারে। তখনই হয়ত আত্মপ্রকাশ করবে এই নয়া শিল্প নীতি।

Leave a Comment