প্রীতি পোদ্দার, কলকাতা: বাস পরিষেবায় মহিলা নিরাপত্তা নিয়ে এবার বড় ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)! পুজোর আগেই প্রতিটি সরকারি বাসে লাগানো হতে চলেছে CCTV-GPS, আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির মেজাজ দেখা গেল মহিলা যাত্রীদের মধ্যে। শুধু তাই নয়, পুজোর আগে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন নব পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
পুজোর আগেই নামানো হবে ইলেকট্রিক, CNG বাস
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার বারাকপুরে বারাকপুর-এসপ্ল্যানেড নতুন সরকারি বাস রুটের উদ্বোধন করেছিলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্রায় ২ কোটি টাকা দামের অত্যাধুনিক বাস ইতিমধ্যেই পরিষেবায় নেমেছে। পুজোর আগেই আরও ইলেকট্রিক, CNG ও শীততাপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় নামবে। কেন্দ্রের কাছে আরও ১,০০০ বাস চাওয়া হয়েছে।” এছাড়াও এদিন তিনি এস-১১ রুটের পাশাপাশি ৮৫ নম্বর ও এমএন-৫-সহ বন্ধ রুটেও ফের বাস চালুর আশ্বাস দিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকবছরের মধ্যে ওপেন-হুড ডাবল ডেকার বাস চালু করা হবে।
কী বলছেন পরিবহন মন্ত্রী?
যাতায়াতের সুবিধার্থে এবং মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সব সরকারি বাসে GPS, CCTV ও টোল-ফ্রি নম্বর চালু রাখা হতে চলেছে। পুজোর আগেই এই প্রক্রিয়া চালু করা হবে। যাতে মহিলারা নিশ্চিন্তে কোনো অসুবিধা ছাড়াই নির্দ্বিধায় বাসে যাতায়াত করতে পারবে। এছাড়াও কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে পিঙ্ক কার্ড। অর্জুন সিং জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনও আয়সীমা বা যোগ্যতার শর্ত ছাড়াই সব মহিলার জন্য ‘পিঙ্ক কার্ড’ চালু হচ্ছে। দু-চার দিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে।” একাধিক পরিষেবা পরিকল্পনা নিয়ে আলোচনা করলেও পূর্বতন সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি।
আরও পড়ুন: ১৩ বছরেও মেলেনি বিচার! নতুন তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কামদুনির টুম্পা-মৌসুমিরা
তৃণমূলের আমলে পরিবহণ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে অর্জুনের অভিযোগ, “আগের সরকারের আমলে সরকারি বাসের টায়ার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। ভালো বাসের যন্ত্রাংশ খুলে বিক্রি করে পুরনো টায়ার লাগানো হয়েছে। কিন্তু এইসব এখন আর হবে না, কোথাও দুর্নীতির গন্ধ পেলেই সঙ্গে সঙ্গে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়াও এদিন বেআইনি অটো নিয়েও কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে রুটের পারমিট সেই রুটেই একমাত্র গাড়ি চলবে। বেআইনি অটো-টোটো ও সিন্ডিকেটের দাপট কমাতে নিয়মিত নজরদারি চলবে।”