সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষায় পাহাড়! খেপেছেন নাকি! প্রায়শই এই কথা শুনতে হয় পাহাড় প্রেমীদের। শীত, গ্রীষ্ম, বর্ষা পাহাড় প্রেমীদের কাছে কিছুই না। শুধু পকেটে কিছু টাকা এবং শরীরটাকে সেখানে নিয়ে গেলেই হল। আপনিও কি পাহাড়প্রেমী? এই বর্ষায় কোনও এক অফবিট জায়গায় গিয়ে দুদিন কাটিয়ে আসতে চাইছেন? তাহলে আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গেলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আজ কথা হচ্ছে ‘সিঞ্জি’ (Sinji) নিয়ে।
পাহাড়ের নতুন অফবিট ঠিকানা ‘সিঞ্জি’
সিঞ্জি হল কালিম্পং (Kalimpong) জেলার এক নতুন, নির্জন অফবিট গ্রাম। কালিম্পং শহর থেকে মাত্র ১৭ কিমি দূরে অবস্থিত ছোট্ট একটি জনপদ। যারা ভিড় এড়িয়ে একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা হল এটি। সবথেকে বড় কথা, এখনও অবধি এই জায়গা খুব একটা পরিচিত নয়। খুব কমই উল্লেখ পাবেন মানুষের মুখে এই জায়গার নাম। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে নিচে বয়ে চলেছে তিস্তা নদীর উপত্যকা। আহা সে কি দৃশ্য, এটাই তো ভাবছেন?
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই ৩ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা, আজকের আবহাওয়া
সিঞ্জিতে ভোরবেলায় পুরো ভ্যালী ঢেকে যায় ঘন মেঘে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ কিছু দৃশ্য উপভোগ করতে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। সিঞ্জি থেকে সহজেই ডেলো হিল, দূরপিন দারা মনেস্ট্রি, মরগান হাউস, আর্মি গলফ কোর্স এবং ক্যাকটাস নার্সারি ঘুরে দেখতে পারেন। আর সারাদিন ঘোরার পর দিনের শেষে এখানে এসে নিশ্চিন্তে পাহাড়ের শান্তি পরিবেশটা উপভোগ করতেও পারবেন।
কীভাবে যাবেন?
এনজেপি থেকে সিঞ্জির দূরত্ব প্রায় ৬৮ থেকে ৭০ কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টার মতো। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী ওঠানামা করে। ফলে আপনিও যদি অফবিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে থাকেন তাহলে ঢুঁ মারতে পারেন সিঞ্জি।