প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দাপটে ভরপুর বর্ষা এসে গেলেও, দক্ষিণবঙ্গে (South Bengal) এর প্রভাব খুব একটা চোখে পড়ছে না। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশ কয়েক জেলায়। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এবার অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামীকাল (Weather Tomorrow) অর্থাৎ বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। পাশাপাশি একটি নিম্নচাপ পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি যায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে আংশিক মেঘলা থাকবে। তবে মাঝে মধ্যে রোদের দেখাও মিলবে। এছাড়াও আর্দ্রতার কারণে বজায় থাকবে অস্বস্তিও। তবে আগামীকাল থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে। যার ফলে সাময়িক আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলায় নকল পেট্রোল-ডিজেলের ভাণ্ডার! নদিয়ার তেহট্টে ফাঁস বড় চক্র
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দুর্যোগের ঠেলায় খুবই খারাপ অবস্থা উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে আগামী সাতদিন একটানা ঝড়বৃষ্টি চলবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও দার্জিলিং এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা প্রকাশ্যে আসছে শুধু তাই নয় সেখানকার নদীগুলোর জলস্তরও বেশ বাড়ছে।