প্রীতি পোদ্দার, কলকাতা: মৌসুমি বায়ু সক্রিয় হতেই বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি (Heavy Rain)। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যান চলাচলও ব্যাহত হয়েছে। এই অবস্থায় পাশে থাকার বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অন্যদিকে ভয়ংকর ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। বাজ পড়ে আহত হলেন ২ জন গ্রাউন্ড স্টাফ।
বিমানবন্দরে বাজ পড়ে আহত ২
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন হচ্ছে ঠিক তেমনই বেশ কয়েক জায়গায় মুহুর্মুহু বাজ পরেই চলেছে। এমতাবস্থায় ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বিমানবন্দরের ভেতরেই বজ্রাঘাতে আহত হন ২ গ্রাউন্ড স্টাফ। তড়িঘড়ি তাঁদের বিমানবন্দরের তরফে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের একজনের আঘাত অতটা গুরুতর না হলেও অন্য জনের অবস্থা একটু বেশি সিরিয়াস। যদিও এখন দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে , দরকার পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হতে পারে।
বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা!
রাতভর বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। যদিও ইতিমধ্যেই কলকাতা পুরসভা জমা জল পাম্প করে সরানোর কাজ শুরু করে দিয়েছে। শহরের জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কন্ট্রোল রুমও খোলা হয়েছে। খবর পাওয়া গিয়েছে আলিপুর চিরিয়াখানার ভিতরে একটি অংশে ড্রেনের পাইপে ফুটো হয়ে গিয়ে রাস্তায় জল জমছে। তড়িঘড়ি সেখানে জল নিকাশির ব্যবস্থা ঠিক করার জন্য আধিকারিকদের পাঠান মন্ত্রী অগ্নিমিত্রা।
আরও পড়ুন: বাংলায় ৩ নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন রাজ্য সরকারের, কোথায় কোথায়?
কী বলছেন অগ্নিমিত্রা পাল?
রাস্তায় জল জমা নিয়ে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যাঁরা অসুবিধায় পড়ছেন তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এছাড়াও পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে জানান। পাশাপাশি আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে আমাকে জানান। শুভেন্দু অধিকারীর সরকার সব বিষয়ে তৎপর রয়েছে।” জানা গিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।