বেলেঘাটা-আইটি সেন্টার রুটে প্রথমবার চলল পুশ ট্রলি, অরেঞ্জ লাইনে বড় মাইলফলক মেট্রোর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইনের বাকি অংশের মেট্রো চলাচলের ক্ষেত্রে বড় মাইলফলক অর্জন করে নিল মেট্রো কর্তৃপক্ষ (Rapid Transit)। জানা যাচ্ছে, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো লাইনে প্রথমবারের মতো চালানো হয়েছে পুশ ট্রলি। মেট্রো রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই অংশে পরিদর্শনের কাজ শেষ হয়েছে। বসানো গিয়েছে ভায়াডাক্ট এবং ব্যালাস্ট বিহীন ট্র্যাক। এবার এই অংশটিতে ইলেকট্রিকের কাজ শুরু হবে বলেই সূত্রের খবর।

শীঘ্রই শুরু হবে মেট্রো পরিষেবা

মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে আইটি সেন্টার অংশে গুরুত্বপূর্ণ কাজ শেষ করার পর এবার সেখানে বৈদ্যুতিক বা ইলেকট্রিক সংক্রান্ত কিছু কাজ শুরু হবে। সেই মর্মে, শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মেট্রো আধিকারিকদের একাংশের দাবি, এই কাজ শেষ হয়ে গেলে সমস্ত দিক খতিয়ে দেখে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পের অধীনে শুরু হবে মেট্রো পরিষেবা। মেট্রো চলবে আইটি সেন্টার পর্যন্ত।

বলাই বাহুল্য, কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পটি মূলত পাঁচটি ভাগে বিভক্ত। এরমধ্যে প্রথম দুটি ভাগ অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মেট্রো রুটে শুরু হয়েছে যাত্রী পরিষেবা। এবার তৃতীয় ধাপ অর্থাৎ বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত রুটে পুশ ট্রলি চালানো হল। এই অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার অপেক্ষা মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হওয়ার।

আরও পড়ুন: “বৈভব সূর্যবংশী টেস্টে কোনও দিনও সফল হতে পারবেন না” বড় ঘোষণা তারকা ক্রিকেটারের

প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমলে দীর্ঘদিন ধরে আটকেছিল চিংড়িঘাটা মেট্রোর একটা ছোট্ট অংশে লাইন পাতার কাজ। রাজ্যে পালাবদল হতেই সরকারের সহযোগিতায় ওই 366 মিটার অংশে রেললাইন পাতা থেকে শুরু করে গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। রেল সূত্রে যা খবর, এবছর শেষ হওয়ার আগেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যে অরেঞ্জ লাইনে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে পারে।

Leave a Comment