“বৈভব সূর্যবংশীর থেকে আমার কোনও আশা নেই” এ কী বলে দিলেন গাভাস্কার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Team India)। সেই আসরের পর এশিয়ান গেমসে পা রাখবে টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi)। আর ঠিক সেই আসরের আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কিংবদন্তি সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তাঁর আশা, এবারেও এশিয়ান গেমস জিতে স্বর্ণপদক ঘরে তুলবে ভারত। তবে বৈভব প্রসঙ্গে তাঁর দাবি, তিনি 15 বছরের ক্রিকেটারের থেকে কোনও আশা করছেন না!

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য গাভাস্কারের

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এশিয়ান গেমস নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে সুনীল গাভাস্কার বলেন, “কোনও দেশ যদি নিজেদের ক্রিকেটের প্রচার বা জনপ্রিয়তা বাড়াতে চায় তাহলে এশিয়ান গেমসের মঞ্চ ব্যবহার করে সেটা করতে পারে। ভারত তো বহুবার এশিয়ান গেমস জিতেছে। আশা করছি এবারও ভারতের ঘরে স্বর্ণপদক আসবে।” এদিন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের নিয়েও ভুয়োসী প্রশংসা করতে শোনা যায়, সুনীল গাভাস্কারকে। কথা বলেন বৈভব সূর্যবংশীকে নিয়েও।

ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের কাছ থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স আশা করা যায় না। এটা সবার জন্যই অত্যন্ত কঠিন কাজ। কিন্তু বৈভব এমন একজন বিস্ফোরক ব্যাটসম্যান যে তাঁর ব্যাটিং দিয়ে 10 ইনিংসের মধ্যে তিন-চারটি জিতিয়ে দিতে পারেন। তবে বাকি ম্যাচগুলিতে বৈভবের কাছ থেকে আমার কোনও আশা নেই তেমন!”

আরও পড়ুন: “ইশানের কাছ থেকে কিছু শেখ..!” বৈভব সূর্যবংশীকে কড়া বার্তা ভারতীয় তারকার

গাভাস্কারের কথায়, “বৈভব সূর্যবংশী বাকি ম্যাচগুলিতে খুব বেশি হলে 50 রান করতে পারে। এর বেশি রান ও করতে পারবে না! কিন্তু আমি আশা করি ওপেনিং করতে নেমে দলকে একটা ভাল শুরু এনে দিতে পারবে ও।” বলাই বাহুল্য, দিলীপ ট্রফির ফাইনালে 44 রান করেই আউট হয়ে গিয়েছেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে অধিনায়ক ইশান কিষাণ আবার ডবল সেঞ্চুরি করে সকলের নজরে চলে এসেছেন। তাতে অবশ্য সাময়িকভাবে কিছুটা ফিকে হয়ে গিয়েছে বৈভবের জনপ্রিয়তা!

Leave a Comment