সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কলকাতার বাইরে বেরোতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এমনকি কলকাতায় পর্যন্ত সভা করতে চেয়ে হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে তৃণমূলকে (Trinamool Congress)। পাশাপাশি বিধানসভা ও লোকসভা ভেঙে দুই ভাগে ভাগও হয়ে গিয়েছে। তবে নির্বাচনের পর এই প্রথম কলকাতার বাইরে হুগলিতে রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। শ্রীরামপুরে পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিজেপির অত্যাচারের বিরুদ্ধেই এই মিছিল। তবে অনুমতি না মেলায় এবার হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল।
হুগলিতে রাজনৈতিক কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
নির্বাচনে ভরাডুবির পর নিয়মিত ফেসবুক লাইভের মাধ্যমেই দলীয় কর্মীদের মধ্যে বার্তা দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শহীদ দিবস এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা করার অনুমতি চেয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। এমনকি শর্তসাপেক্ষে সেই অনুমতি দেওয়া হয়। তবে কলকাতার বাইরে এতদিন কর্মসূচি করতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। নির্বাচনের পর শ্রীরামপুরে পুলিশের নিষ্ক্রিয়তা আর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আগামী ১১ সেপ্টেম্বর প্রতিবাদ মিছিলের ডাক দেয় হুগলী জেলা তৃণমূল কংগ্রেস।
আগের মতোই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অনুমতি না মেলায় এবার হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, এবং চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে। প্রসঙ্গত, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর ঐতিহাসিক মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। আর সেখানেই যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
আরও পড়ুন: “পারলে আমাকে অ্যারেস্ট কর…তোর ক্ষমতা নেই” মুখ্যমন্ত্রীকে তুই-তোকারি কল্যাণের
তবে সবচেয়ে বড় ব্যাপার, রাজনৈতিক কর্মসূচির অনুমতি না মেলায় তৃণমূলের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, যিনি আবার একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। হ্যাঁ, গত ৩১ মে তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানি এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এমনকি ১৯ দিন পর জেলমুক্তি পেলেও শহীদ দিবসের দিন একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার ঠিক আগেই পুলিশের হাতে তিনি আটক হন। এবার তাঁর নেতৃত্বেই চলছে হাইকোর্টে মামলা। এখন এই মামলার রায়ের দিকেই তাকিয়ে মমতাপন্থী তৃণমূল।