সহেলি মিত্র, কলকাতা: ভারতের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে এমন কিছু সুন্দর জায়গা যেখানে জীবনে একবার হলেও আপনার যাওয়া উচিত। তেমনি আজ একটি জায়গা হল মাথেরান। এমনিতে বছরের যে কোনও সময় এই জায়গার সৌন্দর্য বজায় থাকে, তবে বর্ষাকালে এই জায়গায় রূপ যেন আরো খোলে। আপনি যদি আপনার ব্যস্ত সময়সূচী থেকে সময় বের করে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে মাথেরান ঘুরে আসতে পারেন।
বর্ষায় ঘুরে আসুন মাথেরান
মহারাষ্ট্রে অবস্থিত এই ছোট্ট হিল স্টেশন মাথেরান (Matheran) এক কথায় দারুণ সুন্দর। এর সবুজ প্রকৃতি এবং সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। প্রতি বছর দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসেন। আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে এই বর্ষায় মাথেরানের সবুজ প্রকৃতি ও সৌন্দর্য আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। সপ্তাহান্তে মুম্বাই, পুনে এবং নাসিক থেকে বহু লোক এর সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। এই জায়গাটি ট্রেকিংয়ের জন্যও বিখ্যাত। মাথেরান মহারাষ্ট্র রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২৬০০ ফুট।
আরও পড়ুনঃ কাটল খরা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা, আজকের আবহাওয়া
মাথেরানের জঙ্গলে চিতাবাঘ, হরিণ, মালাবার কাঠবিড়ালি, শিয়াল, বুনো শুয়োর এবং হনুমান পাওয়া যায়। এখানকার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো এর সবুজ প্রকৃতি, যা পর্যটকদের সবচেয়ে বেশি মুগ্ধ করে। মাথেরানে আপনি প্রবালগড় দুর্গ, মাঙ্কি পয়েন্ট, লুইসা পয়েন্ট, অম্বরনাথ মন্দির, শার্লট লেক এবং আরও অনেক জায়গা ঘুরে দেখতে পারেন।
কীভাবে পৌঁছাবেন?
মাথেরান মুম্বাই থেকে মাত্র ১১০ কিমি দূরে অবস্থিত। আপনি যদি আকাশপথে এখানে পৌঁছাতে চান, তাহলে নিকটতম বিমানবন্দরগুলি হল মুম্বাই এবং পুনে। মাথেরান এবং এই দুটি বিমানবন্দরের মধ্যে দূরত্ব যথাক্রমে ৮৫ এবং ১৩০ কিলোমিটার। এর বাইরে যেতে হলে আপনাকে বাস বা ট্যাক্সিতে ভ্রমণ করতে হবে। আপনি ট্রেনেও মাথেরান পৌঁছাতে পারেন। নিকটতম রেলওয়ে স্টেশন হলো নেরাল জংশন। দেশের বেশ কিছু রাজ্য থেকে এই শহরে আসার জন্য বাস পরিষেবা উপলব্ধ আছে।