অনন্যা সরকার, কলকাতা: ৫১ সতী পীঠের এক পীঠ হল অসমের কামাখ্যা মন্দির (Maa Kamakhya Temple)। প্রচলিত বিশ্বাস, প্রতিবছর অম্বুবাচীর সময় ঋতুমতী হন মা কামাখ্যা। বছরের ৩ দিন এই বিশেষ সময়ে মন্দির বন্ধ থাকে। তবু এসময় লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় কামাখ্যা মন্দিরে। অম্বুবাচীর সময়টি সাধক ও তান্ত্রিকদের জন্য খুবই পবিত্র সময়। সারা দেশ থেকে তারা এসময় কামাখ্যায় আসেন সাধনা করার উদ্দেশ্যে। তন্ত্রসাধনা ও সিদ্ধিলাভের জন্য এই তিথি খুবই শুভ মানা হয়। তাই প্রতিবছর অম্বুবাচী তিথিতে কামাখ্যায় মানুষের ঢল নামে। এই কারণে ভারতীয় রেল ও আইআরসিটিসি-র তরফে বিশেষ প্যাকেজ (IRCTC Kamakhya Tour Package) নিয়ে আসা হয়েছে কামাখ্যা যাত্রীদের জন্য।
কী রয়েছে এই প্যাকেজে?
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) প্রায়ই তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ও সাশ্রয়ী ট্যুর প্যাকেজ নিয়ে হাজির হয়। অম্বুবাচী উপলক্ষে তারা নিয়ে এসেছে একটি বিশেষ প্যাকেজ। মাথা পিছু ২,৫৫০ টাকায় ভক্তরা কামাখ্যা দর্শন করতে পারবেন। এটি দুই দিন এক রাতের প্যাকেজ। অসমের গুয়াহাটি থেকে যাত্রা শুরু হবে এবং থাকবে বিশেষ সুযোগ-সুবিধা।
আইআরসিটিসি-র এই বিশেষ প্যাকেজে শুধু মন্দির দর্শন নয়, মিলবে অন্যান্য সুবিধাও। যাত্রীরা গুয়াহাটিতে এক রাত হোটেলে থাকতে পারবেন। পাশাপাশি সকালের জলখাবার ও রাতের খাবারও অন্তর্ভুক্ত রয়েছে এই প্যাকেজে। এছাড়া ওই অঞ্চলের দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা থাকবে। এছাড়া, মিলবে ট্রাভেল ইনস্যুরেন্স, পার্কিং চার্জ, টোল ট্যাক্স, জিএসটি এবং প্রতিদিন এক লিটারের পানীয় জলের বোতল। ফলে আলাদা করে থাকা, খাওয়া বা পরিবহনের জন্য চিন্তা করতে হবে না যাত্রীদের।
এই যাত্রার প্রথম দিন গুয়াহাটি বিমানবন্দর বা রেলস্টেশন থেকে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হবে। সন্ধ্যায় ঘোরানো হবে বিখ্যাত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। এরপর গুয়াহাটির হোটেলে একরাত করবেন তীর্থযাত্রীরা। দ্বিতীয় দিন সকালের জলখাবার খেয়ে হোটেল ছাড়বেন দর্শনার্থীরা। এরপর নিয়ে যাওয়া হবে মা কামাখ্যা মন্দির দর্শনের জন্য। দর্শন হওয়ার পর ভক্তদের উমানন্দ মন্দির দেখিয়ে সন্ধ্যায় বিমানবন্দর বা রেলস্টেশনে পৌঁছে দেওয়া হবে।
আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে যে, এই ট্যুর প্যাকেজের মধ্যে বিমান বা ট্রেনের টিকিটের খরচ অন্তর্ভুক্ত নেই। এছাড়া, যাত্রীদের নিজেদের বহন করতে হবে দুপুরের খাবার, ব্যক্তিগত খরচ, বোটিং বা ফেরি পরিষেবা, ক্যামেরার জন্য লাগা ফি, টিপ, লন্ড্রি এবং ভিআইপি দর্শনের খরচ। কামাখ্যা মন্দিরে ভিআইপি দর্শন করতে চাইলে ভক্তদের আলাদা করে অনলাইনে বুকিং করতে হয়। অন্তত ১৫ দিন আগে বুকিং করলে ভালো হয়।
কাদের দেওয়া হবে এই বিশেষ প্যাকেজের সুবিধা?
মাথা পিছু ২৫৫০ টাকার এই বিশেষ ভাড়া শুধুমাত্র চার জনের গ্রুপে ভ্রমণ করলেই পাওয়া যাবে বলে জানিয়েছেন আইআরসিসিটি। অন্য ক্ষেত্রে খরচ হবে ভিন্ন। একজন ব্যক্তির জন্য এই খরচ ১০,৬৫০ টাকা, দুজন থাকলে জনপ্রতি ৫,৫৮০ টাকা এবং তিন জনের জন্য মাথা পিছু ৪,৩৭০ টাকা ধার্য করা হয়েছে। এই প্যাকেজ বুক করার জন্য আইআরসিটিসি ট্যুরিজম (IRCTC Tourism)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ বর্ষা আসতেই চার মাসের জন্য বন্ধ টয় ট্রেন পরিষেবা, ঘোষণা রেলের
কামাখ্যা মন্দিরের মাহাত্ম্য?
গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যার মন্দির হিন্দু ধর্মের একটি অন্যতম তীর্থক্ষেত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল, তাই এটি ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম। শক্তি উপাসনা ও তন্ত্রসাধনার কেন্দ্র হিসেবে ধরা হয় কামাখ্যা মন্দিরকে। প্রতিবছর লাখ লাখ ভক্ত এখানে মাকে দর্শনকে করতে ও পুজো দিতে আসেন।