সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ২১ জুন রাজ্যজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga)। সেই উপলক্ষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ইতিমধ্যেই রেড রোড বন্ধ করা হয়েছে সাত দিনের জন্য। নতুন সরকার গঠিত হতেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মনোমালিন্য় দূর। তারই মধ্যে আগামী ১৯ জুন কলকাতায় ‘রান ফর যোগা’ ম্যারাথন কর্মসূচির ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
যোগ দিবস উপলক্ষে ম্যারাথন রেস
উল্লেখ্য, আগামী ১৯ জুন থেকে শুরু হয়ে ২১ জুন পর্যন্ত রেড রোডে চলবে এই আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য কর্মসূচি। এরই মধ্যে ১৯ জুন রাজ্যজুড়ে বিশেষ ম্যারাথন রেস হবে, যার নাম দেওয়া হয়েছে রান ফর যোগা। এটির মূল কেন্দ্র হিসেবে কলকাতা পুরনিগম সংলগ্ন এলাকাকে নির্বাচন করা হয়েছে। সেখান থেকেই এই দৌড় শুরু হবে, এবং শেষ হবে মহাকরণে গিয়ে। এমনকি মূল রোড ছাড়া কলকাতার আরও ১১টি গুরুত্বপূর্ণ এলাকা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে এই ম্যারাথন রেস জল বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
১৯ তারিখ অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে ছ’টায় ম্যারাথনে অংশগ্রহণকারীদেরকে সমবেত হতে বলা হয়েছে, এবং সকাল সাতটা থেকে শুরু হবে দৌড়। ইতিমধ্যেই বহু সংখ্যক আবেদনকারীর নাম লিখিয়েছেন। পাশাপাশি আগামী ২০ জন পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠিত হবে। এদিনও বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেদিন সকাল সাড়ে পাঁচটায় গঙ্গায় বিশেষ যোগাভ্যাসের কার্নিভাল হবে, যেটির নাম দেওয়া হচ্ছে বন্দে যোগম। তাছাড়াও থাকছে আরও অন্যান্য কর্মসূচি।
আরও পড়ুন: হাওড়া-শিয়ালদহে জল জমে ট্রেন চলাচল বন্ধ নয়! বড় ব্যবস্থা পূর্ব রেলের
এদিকে সবথেকে বড় আকর্ষণ আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চ। রেড রোডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন মুখ্যমন্ত্রীও। সকাল ৬:১৫ মিনিট থেকেই শুরু হবে মানুষের জমায়েত। আর সকাল ৬:৪৫ থেকে শুরু হবে যোগাভাসের কর্মসূচি, যা চলবে সাড়ে সাতটা পর্যন্ত। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ ভারতের অন্তর্গত ও পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব আবহের মাধ্যমেই আমরা কলকাতায় স্বাগত জানাতে চাই। যোগদিবসে প্রত্যেকেই নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগে শামিল হন।