অনন্যা সরকার, চেন্নাই: পরিবহণ নিয়ে বড় বার্তা দিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় (C Joseph Vijay)। তামিলনাড়ু সরকার এখন থেকে শুধুমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত বাসই (AC Bus) কিনবে। কেননা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত নতুন সরকারি বাসে এসি (Air Conditioner) থাকা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা পরিবহন মন্ত্রী বিজয় তামিলান পার্থিবন ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বিজয়ের সাম্প্রতিক উদ্যোগ
রাজ্যের গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং সাধারণ নাগরিকদের আরও সুবিধা প্রদানের লক্ষ্যে তামিলনাড়ুর নবনির্বাচিত টিভিকে (TVK) সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্ত আমজনতার মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এই প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বিজয় তামিলান পার্থিবন বলেন যে, অদূর ভবিষ্যতে তামিলনাড়ুর মানুষ শুধুমাত্র এসি বাসে যাতায়াত করবে। মুখ্যমন্ত্রী বিজয় চান, ভবিষ্যতে সরকারের কেনা সমস্ত বাসে যেন এয়ার কন্ডিশনার থাকে। তিনি এও বলেন যে, রাজ্য সরকারের লক্ষ্য হল রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোকেও একটি শক্তিশালী বাস নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা এবং সাধারণ নাগরিকদের উন্নত পরিবহন ব্যবস্থার সুবিধা প্রদান করা।
রাজ্যে মাদকবিরোধী অভিযানের সূচনা মুখ্যমন্ত্রী বিজয়ে হাত ধরে
সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় ‘স্টার্ট রান, স্টপ ড্রাগস’ নামে একটি মাদকবিরোধী অভিযানও শুরু করেছেন। চেন্নাইয়ের মেরিনা বিচের কাছে কামরাজ সালাইতে এই অভিযানের শুভ সূচনা হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য আধব অর্জুন ও পি. ভেঙ্কটরামানন এবং মুখ্য সচিব এম. সাই কুমারের সঙ্গে পুরো ৩ কিলোমিটার দৌড়েছিলেন। ম্যারাথনের আগে মুখ্যমন্ত্রী বিজয় অংশগ্রহণকারীদের মাদকমুক্ত থাকার জন্য শপথ বাক্য পাঠ করান এবং পরিবার, আত্মীয় ও বন্ধু-বান্ধবদের মধ্যে মাদকের কুপ্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যও আবেদন করেন।