অনন্যা সরকার, কলকাতা: দুর্গোৎসবের আগেই এবার যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশন (NBSTC) নতুন প্রয়াস। সোমবার সকালে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডের দোতলায় পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য আলাদা আলাদা ডরমিটরি (Passenger Dormitories) উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি পরিষেবার জন্য চালু হয়েছে একটি নতুন ওয়েটিং লাউঞ্জও (Waiting Lounge)। অনেক সময় বাসের প্রতীক্ষায় থাকা যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের জায়গা না পেয়ে অসুবিধায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করলো এনবিএসটিসি। আশা করা হচ্ছে যে, এই ডরমিটরির সুবিধা চালু হওয়ার ফলে দূর-দূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের অনেকাটাই সুবিধা হবে।
নতুন ডরমিটরি চালু শিলিগুড়ি বাসস্ট্যান্ডে
সোমবার যে সুবিধাগুলির উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে – পুরুষদের জন্য ১৪ শয্যার একটি ডরমিটরি, মহিলাদের জন্য ৬ শয্যার একটি ডরমিটরি এবং এনবিএসটিসি কর্মীদের জন্য ৪ শয্যার একটি ডরমিটরি। পুরুষ ও মহিলা মিলিয়ে সাধারণ যাত্রীদের জন্য আপাতত মোট ২০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০০ টাকা ব্যয় করে ১২ ঘণ্টার জন্য ডরমিটরিগুলি বুক করা যাবে বলে ঘোষণা করেছে এনবিএসটিসি। যাত্রীরা বাস টার্মিনাসে পৌঁছে সরাসরি এই সার্ভিস বুক করতে পারবেন।
এছাড়াও, ২৯টি তিন-আসনের সোফা যুক্ত একটি নতুন ওয়েটিং লাউঞ্জও এদিন উদ্বোধন করা হয়। লাউঞ্জটিতে টিভি এবং মোবাইল চার্জিং পয়েন্ট সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা মিলবে। একটি ভিআইপি লাউঞ্জের দ্বারও খোলা হয়েছে সোমবার, যেখানে যাত্রীরা প্রতি ঘণ্টায় ২০ টাকা দিয়ে বসার সুবিধা পাবেন। রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন উদ্বোধনের পর জানান, এই নবনির্মিত লাউঞ্জগুলির কয়েকটিতে শীঘ্রই শীতাতপ নিয়ন্ত্রণ বা এসির (AC) ব্যবস্থাও চালু হবে।
আরও পড়ুন: বদলে গেল পুজোর ছুটির দিন, নয়া বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিবহন প্রতিমন্ত্রী এও বলেন যে, বহুদিনের পুরোনো এই শিলিগুড়ি বাস টার্মিনাস। দীর্ঘদিন ধরেই এই টার্মিনাসের উন্নতিকরণের জন্য যাত্রীদের তরফ থেকে নানান দাবি জানানো হচ্ছিল। যদিও সমস্ত দাবি একসাথে দ্রুত পূরণ করা সম্ভব নয়, তবে পুজোর আগেই সেগুলির মধ্যে কয়েকটির বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। এই উদ্যোগের অংশ হিসাবেই সোমবার যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হল পুরুষদের জন্য ১৪টি এবং মহিলাদের জন্য ৬টি শয্যাবিশিষ্ট ডরমিটরিগুলি।