শ্বশুরকে ‘বাবা’ দেখিয়ে ধর্ম লুকিয়ে হিন্দু সাজেন সাগরদিঘির তৃণমূল নেতা ‘আমিরালি’, গ্রেফতার

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতারণা কান্ডে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা (Trinamool Leader)। নিজের আসল পরিচয় এবং ধর্ম গোপন করে ভুয়ো নাম ব্যবহার করে একাধিক সরকারি নথি তৈরি করেন তিনি। এমনকি শ্বশুরকে ‘বাবা’ পরিচয় দিয়ে জাতিগত শংসাপত্র, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলেন ওই অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাগরদিঘিতে (Sagardighi)।

ফাঁস তৃণমূল নেতার কুকীর্তি

পুলিশ সূত্রে খবর, ওই ধৃত-র আসল নাম আমিরালি শেখ। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি অমিত সর্দার নামে পরিচয় ব্যবহার করছিলেন বলে অভিযোগ। সাগরদিঘি থানার গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ফুলন সর্দারের সঙ্গে বিয়ের পর থেকেই তিনি ওই এলাকায় বসবাস শুরু করেন।

উল্লেখ্য, ফুলন সর্দার বর্তমানে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির নারী এবং শিশু কল্যাণ দতরের কর্মাধ্যক্ষ। তাঁর অভিযোগ অনুযায়ী, স্ত্রী এবং শ্বশুর বাড়ির পরিচয় ব্যবহার করে ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করেছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, শশুর জাবলু সর্দারকে নিজের বাবা দেখিয়েছিলেন অভিযুক্ত। সেই নথির ভিত্তিতেই একাধিক শংসাপত্র সহ পরিচয়পত্র তৈরি করেন বলে অভিযোগ। এমনকি বছরখানেক আগে সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিধানসভা নির্বাচনে বাম ভোটের এসডিপিআই প্রার্থী মশিউর রহমান ফুলন সর্দারকে আদিবাসী পরিচয় নিয়ে কটাক্ষ করেন। সেই সময় আদিবাসী সমাজকে সঙ্গে নিয়েও প্রতিবাদ আন্দোলনে দেখা যায় অভিযুক্ত অমিত সর্দার ওরফে আমিরালি শেখকে।

আরও পড়ুন: মমতার দেওয়া হার ও কুর্তা-পাজামা ফেরতের সিদ্ধান্ত কাকলী ঘোষের ছেলের

কিন্তু সম্প্রতি গোটা বিষয়টিকে ঘিরে আবারও নতুন করে তদন্তে নেমেছে পুলিশ। রবিবারই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারপর তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের আসল বাড়ি উত্তর ২৪ পরগনায়। কিন্তু জেলার কোথায় বাড়ি তা এখনও পর্যন্ত প্রকাশে আসেনি। পাশাপাশি কীভাবে এই সমস্ত সরকারি নথি তৈরি হলো এবং এর পিছনে আরও কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment