=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সরকারি রেজিস্ট্রেশন ছাড়া মুসলিম বিবাহ নয়, বিল পাস করল রাজ্য সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: বাল্যবিবাহ এবং বহুবিবাহ রুখতে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে মুসলিমদের বিয়েতে (Marriage) রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর কোনও কাজির কাছে গিয়ে নাবালিকার বিয়ে বরদাস্ত করা হবে না রাজ্যে। সরকার স্বীকৃত রেজিস্ট্রারদের মাধ্যমেই করাতে হবে রেজিস্ট্রেশন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কমপালসারি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিলের রুল এবার থেকে কার্যকর হচ্ছে। ফলে চুপিচুপি নাবালিকার বিয়ে দেওয়ার দিন শেষ।

মুসলিমদের বিয়ে নিয়ে কড়া নির্দেশ সরকারের

আসলে ২০২৪ সালে অসমের বিধানসভায় পেশ হয়েছে অসম কমপালসারি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল। তবে এতদিন বিভিন্ন আইনি জটিলতার কারণে তা কার্যকর হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিল কার্যকর করলেন। এই নীতির আওতায় মুসলিম বিবাহ আর কোনও কাজির মাধ্যমে হবে না। সরকারিভাবে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এমনকি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমেই এই রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি ১৮ বছরের কম বয়সী নাবালিকাদের বিবাহ রেজিস্টার হবে না বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

বর্তমানে অসমজুড়ে বাল্যবিবাহ এবং বহুবিবাহ মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই বেড়েছে এই রীতি। সরকারি সূত্র অনুযায়ী খবর, বাল্যবিবাহ বন্ধ করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ গ্রহণ করেছেন। বছর দুয়েক আগে অসমজুড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল প্রায় সাড়ে ৩ হাজার জনকে। এমনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচারের অভিযোগও আনে বিরোধী দলগুলি। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, আগামী দিনে এই নিয়ম আরও কড়া হবে। সেই সূত্রেই এবার এই বিল কার্যকর করলেন হিমন্ত সরকার।

আরও পড়ুন: দিল্লির আন্দোলনে মহিলার অশ্লীল ছবি প্রদর্শনের অভিযোগ, অভিজিৎদের বিরুদ্ধে দায়ের FIR

এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “সরকারের পূর্ববর্তী সিদ্ধান্তে কাজিদের মুসলিম বিবাহ নিবন্ধন করা থেকে বিরত রাখা হয়েছিল। তবে নিবন্ধনের জন্য বিকল্প ফোরামের কথা উল্লেখ করা হয়নি। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল, সরকারি রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে মুসলিম বিবাহগুলি যথাযথভাবে নিশ্চিত করা। এখন থেকে মুসলিমদের বিবাহ রেজিস্ট্রারদের মাধ্যমেই নিবন্ধিত হবে।”

Leave a Comment