“সৌরভ নিজেকে এত সস্তা করিস না, তোর থেকে সচিন ভাল!” দাদাকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ককে আজও চোখে হারায় বাইশ গজ! বাঙালির কাছেও তিনি মহারাজ। কিন্তু সাম্প্রতিক কিছু বছরে সৌরভের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। একথা অস্বীকার করার জায়গা নেই! বিশেষ করে রিয়ালিটি শো, সিনেমা জগতে পা রাখার পরই দাদার খ্যাতি হ্রাস পেয়েছে! হ্যাঁ, এমনটাই মনে করেন ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটের প্রাক্তন খেলোয়াড় প্রবাল ঘোষ (Indian Cricketer)। একটা সময়, পি সেন ট্রফিতে সৌরভ গাঙ্গুলিদের নেতৃত্ব দেওয়া এই প্রাক্তন প্রবীণ ক্রিকেটারের পরামর্শ, “সৌরভ নিজেকে সস্তা করিস না.. তুই আমাদের গর্ব।”

সৌরভ গাঙ্গুলির অপমান সহ্য করতে পারেন না প্রবাল

ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে অত্যন্ত পরিচিত নাম প্রবাল ঘোষ। বাঙালি ক্রিকেটারদের মধ্যে তিনিই অন্যতম যিনি সৌরভ গাঙ্গুলির মতো জাতীয় দলের প্লেয়ারদের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে পি সেন ট্রফিতে প্রবালের অধীনেই খেলেছিলেন মহারাজ। সেই প্রাক্তন প্রবীণ ক্রিকেটার এবার সৌরভ গাঙ্গুলি প্রসঙ্গে একরাশ মন খারাপ প্রকাশ করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। নিজের ফেসবুক পেজ থেকে সৌরভকে বিশেষ পরামর্শ দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি।

প্রাক্তন বাঙালি ক্রিকেটারের ওই পোস্টে প্রথমেই লেখা রয়েছে, “সৌরভ নিজেকে সস্তা করিস না তুই আমাদের গর্ব”। এরপরই অতীত স্মরণ করিয়ে প্রবাল বাবু লেখেন, “তোকে হাফপ্যান্ট পরা থেকে দেখেছি। তোর বাবা চন্ডী দার সাথে বন্ধু কাম দাদার সম্পর্ক। বৌদির হাতে বাড়া ভাত খেয়েছি অনেক দিন দুপুরে। তোর মায়ের পুজো করার দৃশ্য আমি এখনও অনেককে গল্প করি। পরবর্তীতে আমার অধিনায়কত্বে ইডেনে খেলেছিস বলে নিজে গর্ব করে বলি নিজেও গর্ববোধ করি। চোখের সামনে দেখেছি তোকে, সাফল্যের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছতে। সত্যিই তুই বাংলার এক অতি আপনজন।”

এদিন প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার আরও লেখেন, “একটা সময় ক্রিকেট নিয়ে তোর একটা কথা অনেকের মনে দাগ কাটতো। একটা সময় ছিল যখন তোর নামে একটা খারাপ কথা লিখলে গোটা রাজ্যের মানুষ গর্জে উঠত। তুই অমিতাভ বচ্চনের থেকেও বেশি প্রিয় জিনিস বাঙালির হৃদয়ে। কিন্তু এখন তোর কর্মকান্ড দেখে মনে হয় তোর পথ চলার ডিসিশন সঠিক হচ্ছে না। আজকাল তোর বিরুদ্ধে বাংলার এলেবেলে মানুষের কটাক্ষ কটুক্তি শুনি। সত্যিই ভাল লাগে না রে। ভীষণ কষ্টে ভরে ওঠে মনটা।”

দাদাগিরির সঞ্চালক ছিলেন সৌরভ গাঙ্গুলি। যদিও সেই যাত্রা আপাতত শেষ হয়েছে। বর্তমানে বিগবস বাংলায় দেখা যাচ্ছে দাদাকে। সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে প্রবাল ঘোষ জানালেন, “তোর দাদাগিরি দেখতে দেখতে আমি একটা সময় বিরক্ত হয়ে। তোর মতো ক্লাসের একজন মানুষকে সিনেমা সিরিয়ালের নিচু মানের অভিনেতা অভিনেত্রীদের সাথে ছ্যাবলামো করতে দেখে সময় নষ্ট করতে চায়নি মনটা। চায়ের দোকানে তোকে নিয়ে নিম্নমানের আলোচনা শুনে অবাক হয়েছি। তুই তো আমাদের চোখের মণি ছিলো! আজ এই অবস্থা কেন?”

আরও পড়ুন: ভারতের চারবারের স্বর্ণপদক জয়ী আজ রাস্তায় বিক্রি করেন সবজি, পাত্তাও দেয়নি সরকার!

এদিন নিজের পোস্টে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অতীত স্মরণ করে হতাশার কথা জানানোর পাশাপাশি দাদাকে পরামর্শও দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর বক্তব্য, “রিকোয়েস্ট একটাই, তুই নিজের বয়সটা চিন্তা করে কোনও নতুন জিনিস হাতে নেবার আগে ভাবিস। তুই আমার থেকে কুড়ি বছরের ছোট। তোর বয়স এখন 53।” প্রাক্তন বাঙালি ক্রিকেটার এও বললেন, সৌরভের তুলনায় তাঁর কাছে সচিন অনেক বেশি গ্রহণযোগ্য এবং প্রিয়। তাঁর কথায়, “তুই ঘরের ছেলে হলেও আমার কাছে ক্রিকেট আইকন কিন্তু সচিন। ওর ডিসিশনগুলো তোর থেকে অনেক অনেক ভাল।”

Leave a Comment