সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকারত্ব দূর করতে বিরাট উদ্যোগ। নন্দীগ্রামে আয়োজিত হতে চলেছে রোজগার মেলা। আজ থেকেই বেকার যুবক-যুবতীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে কোনও আবেদন চলবে না। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মোট ২৫টি বিডিও অফিস এবং ৫টি পৌরসভায় ড্রপবক্স থাকবে। সেখানে আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত নিজের আবেদনপত্র জমা দেওয়া যাবে। এর পাশাপাশি হলদিয়ার (Haldia) শিল্প সংস্থাগুলিতে হবে বিপুল সংখ্যক নিয়োগ।
রোজগার মেলায় হবে বহু কর্মসংস্থান
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার জেলার সমস্ত মহকুমা শাসক, বিডিও এবং পুরসভার আধিকারিকদের কাছে এই রোজগার মেলা সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকেই শিল্প সংস্থাগুলি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে। যোগ্য প্রার্থীরা যেন আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যেই অফলাইনের মাধ্যমে তাঁদের আবেদনপত্র জমা দেন। এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে নন্দীগ্রামে। এমনকি প্রত্যেকটি বিডিও অফিসে ড্রপবক্স বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনগুলি গ্রহণ করার পর স্ক্রুটুনি করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ২৫টি ব্লক থেকে লিস্ট পৌঁছে যাবে জেলায়। এর পাশাপাশি হলদিয়ার ৩৮টি এবং কোলাঘাটের ২টি সংস্থার থেকে শূন্যপদের তালিকা চেয়েছে জেলা প্রশাসন। আসলে প্রথম ধাপে নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকদুটিতে এই রোজগার মেলা বসানোর আলোচনা চলে। তবে এই খবর প্রকাশ্যে আসতেই হলদিয়ার বেকার যুবক-যুবতীরা ক্ষোভ উগড়ে দেন। এমনকি মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। সেই সূত্রেই নন্দীগ্রামের পাশাপাশি গোটা জেলা থেকেই আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: হবে ৫৮০০ কর্মসংস্থান, নিউটাউনে উদ্বোধন হল অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’
জানা গিয়েছে, আইটিআই থেকে শুরু করে পলিটেকনিক, ভোকেশনাল, উৎকর্ষ বাংলা এবং বিভিন্ন শাখার স্নাতক সহ অন্যান্য যুবক-যুবতীরা এই রোজগার মেলায় আবেদন করতে পারবে। এর পাশাপাশি হলদিয়ার শিল্প সংস্থার একাধিক নামীদামি কোম্পানির শূন্যপদের তালিকা চেয়েছে প্রশাসন। সেক্ষেত্রে হলদিয়া পেট্রোক্যামিক্যালস লিমিটেড থেকে শুরু করে ইলেক্ট্রো স্টিট কাস্টিং লিমিটেড, এক্সাইজ ইন্ডাস্ট্রিজ, ক্লোরাইড মেটালস সহ বিভিন্ন বিভাগে শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ দাঁড়িয়েছে ৬২০টি। এতে জেলার বেকারত্ব কিছুটা হলেও দূর হবে বলে মনে করা হচ্ছে।