বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28 আগস্ট, কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। সভার মঞ্চ বাঁধা হয়েছিল সেখানেই। এবার সেই সভায় আদালতের নির্দেশ ভাঙার অভিযোগ উঠল। সেই মর্মে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্থাৎ FIR দায়ের করার নির্দেশ দেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলেও জানান তিনি। সেই মতোই, এবার মমতার বিরুদ্ধে FIR দায়ের করল কলকাতা পুলিশ।
মমতার বিরুদ্ধে FIR
শুক্রবার, কলকাতা হাইকোর্টের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের উদযাপন সভা করেছিল কালিঘাট তৃণমূল। আর সেই সভাতেই একাধিক নির্দেশ ভঙ্গ হয়েছে বলেই অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তাঁকেই কাঠগড়ায় দাঁড় করান শুভেন্দু।
মুখ্যমন্ত্রী বললেন, “দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকেদের ডেকে নিয়ে এসে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। FIR দায়ের করা নির্দেশ দিয়ে দিয়েছি। ওঁর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার কথাও বলেছি।” মুখ্যমন্ত্রীর বক্তব্যে অনুযায়ী, কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে অন্যায় করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তারপর থেকেই প্রশ্ন উঠছিল, এবার কি তাহলে শাস্তির মুখে পড়বেন মমতা?
এমতাবস্থায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতার বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননা সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা এমনকি হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়ের বাইরে গিয়ে সভা করার অভিযোগে FIR দায়ের করল পুলিশ। তৃণমূল সুপ্রিমো ছাড়াও সভার অন্যান্য উদ্যোক্তাদের বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সঙ্গীতার একাধিক ধারায় মামলা হয়েছে।
আরও পড়ুন: নেপালে হড়পা বানে নিখোঁজ Infosys-র Ceo ল্যাক্স গোপীশেট্টি
উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল দুই তৃণমূল। সেই মতোই, কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত তৃণমূলকে রানী রাসমণি রোডে সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে শর্ত ছিল, 1500 জনের বেশি লোক নিয়ে সভা করা যাবে না। পাশাপাশি দুপুর 12টা থেকে 3টের মধ্যে সভা শেষ করতে হবে। পুলিশ যাতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারে তাতে সহযোগিতা করতে হবে এবং সভা করলেও রাস্তার একটা দিক খুলে রাখতে হবে।