অনন্যা সরকার, কলকাতা: এবছর ভারতে বর্ষার শুরুতে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল, তবে এবার দেশে বর্ষা আবারও পূর্ণ শক্তিতে ফিরে আসতে চলেছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলিতে বর্ষার একটি বিশাল বলয় (Rain Belt) দেখা যাচ্ছে, যার মধ্যে উত্তর ভারত থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত মেঘের একটি বিরাট স্তর ৭ থেকে ১০ হাজার কিলোমিটার বিস্তৃত হয়েছে। এই ঘটনাটি চলতি বছরের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অন্যতম সক্রিয় একটি পর্যায়, যাকে আবহাওয়াবিদরা ‘প্রবল বর্ষার দিন’ (Massive Monsoon Day) বলে অভিহিত করেছেন। আবহাওয়া দপ্তর (IMD) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনার দরুন ভারতের প্রায় ৮৮ থেকে ৯২ শতাংশ এলাকা জুড়ে মেঘে ছেয়ে গেছে। সক্রিয় মৌসুমী বায়ুর ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং দিল্লি-এনসিআর – এর মতো একাধিক অংশে তীব্র বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রেইন বেল্ট কী?
রেইন বেল্ট বা বৃষ্টি বলয় হল বায়ুমণ্ডলীয় চক্র এবং বায়ুচাপের কারণে সৃষ্ট মেঘ ও ভারী বৃষ্টিপাতের একটি দীর্ঘ করিডোর, যা শত শত, এমনকি হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এটি মৌসুমি বায়ুর অভিসরণ বা মনসুন কনভার্জেন্স জোনের (Monsoon convergence Zone) ফলে গঠিত হয়।
আরও পড়ুন: মিনি কালবৈশাখী সঙ্গে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া
গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সারা দেশজুড়ে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছিল, ফলে মহারাষ্ট্র ও দিল্লি সহ অনেক রাজ্যে শুরু হয় ভারী বর্ষণ। কিন্তু তারপর হঠাৎই সব মেঘ উধাও হয়ে গিয়েছিল। আবহাওয়াবিদরাও এই ঘটনায় অবাক হয়ে যান। আবহাওয়া দপ্তর জানায়, জুলাই মাসের প্রথম দিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের দিকে সরে যাওয়ায় সমতল অঞ্চলে বৃষ্টির ঘাটতি দেখা দেয়। আর সেই সময়েই মধ্য ভারতের উপর একটি বিপরীত বায়ুপ্রবাহ তৈরি হয়েছিল, যা ভারত মহাসাগর ও আরব মহাসাগর থেকে আসা আর্দ্র বায়ুর প্রবাহের পথে বাধাদান করে।
তবে রবিবার ভারতীয় আবহাওয়া বিভাগের (IMD) তরফে জানানো হয়েছে যে, গত চার দিনে বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ মৌসুমী অক্ষরেখাকে তার স্বাভাবিক অবস্থানে, অর্থাৎ দক্ষিণে সরিয়ে আনতে শুরু করেছে। এটি একটি বিশাল ভ্যাকুয়ামের মতো কাজ করছে, যা ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু এবং মেঘকে আকর্ষণ করেছে।
আরও পড়ুন: আবার ভারতের কাছে হারল পাকিস্তান, এবার নাক কাটা গেল কমনওয়েলথ গেমসে!
ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে। এর ফলে ২৬ ও ২৭ জুলাই ওড়িশা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুজরাট, উত্তর প্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে তীব্র বৃষ্টিপাত হবে বলে জাননো হয়েছে। ওড়িশা-বাংলা উপকূল বরাবর ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।