সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারের প্রথম বাজেট পেশ হল আজ (West Bengal Budget 2026)। সেখানে এমন কিছু ঘোষণা করা হচ্ছে যাতে খুশির হাওয়া বইছে রাজ্যবাসীর মনে। এরই মধ্যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উদ্যম ক্রেডিট কার্ডের ঘোষণা করেছেন, যেখানে ২ লক্ষ যুবককে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এক কথায়, বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিরাট পদক্ষেপ সরকারের, যে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কী এই কার্ড, কারা পাবেন? বিস্তারিত জানুন।
রাজ্যে চালু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড
বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এবং নতুন ব্যবসার শুরু করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যম ক্রেডিট কার্ড চালু হবে বলে জানিয়েছেন। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্যই এমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণ, শুধুমাত্র চাকরিতে শূন্যপদ তৈরি করতে গেলে রাজ্যে বেকারত্ব দূর হবে না। সেই কারণে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ দরকার। আর ক্ষুদ্র শিল্পে আর্থিক উৎসাহ দেওয়ার জন্যই এই ঘোষণা। জানা গিয়েছে, এর আওতায় প্রায় ২ লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা করা হবে।
বাজেটে স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীকে ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্যই ১০ লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু অবশ্যই তাঁর সেই উদ্যোগের রূপরেখা আগে সরকারকে জানাতে হবে। তবেই মিলবে এই আর্থিক সহায়তা। বিশেষ করে রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি স্তরের কুটির শিল্প এবং স্থানীয় স্তরে ব্যবসার প্রসার ঘটনার জন্যই এই উদ্যোগ, যেখানে জামানত বিহীন এবং সুদহীন ঋণ মিলবে।
আরও পড়ুন: ৫০০০ টাকা বেতন বাড়লেও খুশি নন পার্শ্ব শিক্ষকরা, তুলছেন সরকারের বিরুদ্ধে অভিযোগ
জানা গিয়েছে, এই ১০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজটি দুটি ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমত, মোট সহায়তার অর্ধেক টাকা অর্থাৎ ৫ লক্ষ টাকা সম্পূর্ণ সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে, যেটি আবেদনকারীকে ফেরত দিতে হবে না। আর দ্বিতীয়ত, বাকি ৫ লক্ষ টাকা সহজ শর্তে কোনও রকম সুদ ছাড়া ঋণ দেওয়া হবে। সেক্ষেত্রে শুধুমাত্র আসল টাকা শোধ করলেই হবে। তবে এত তাড়াহুড়ো করারও কোনও কারণ নেই। ব্যবসা গুছিয়ে নেওয়ার পরেই আপনি ধাপে ধাপে এই ঋণ শোধ করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত এই কার্ড রাজ্যে চালু হয়নি। শুধুমাত্র অনুমোদন দেওয়া হয়েছে। চালু হলে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।