‘৩০০ কোটির দুর্নীতি!’ মাটি চুরির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও গ্যাঁড়াকলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। ক্ষমতা হারাতেই একের পর এক দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত অভিষেক। কয়লা চুরি শুরু থেকে শুরু করে ত্রিপল চুরি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর এবার মাটি চুরির অভিযোগ লেখালেন বিজেপি নেতা। গতকাল রাতেই কালিতলার আশুলিয়া থানায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

মাটি চুড়ির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

বিজেপি নেতা ববির অভিযোগ অনুযায়ী, ধাপে ধাপে মোটামুটি ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০০ কোটি টাকার বেশি। আর এই দুর্নীতির পিছনে মূল হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, অভিষেক তো এখানকার ভূমিপুত্র নন। মাটির মূল্য তাহলে উনি কী করে বুঝবেন? ২০১৭ সাল থেকেই এখানে ধাপে ধাপে মাটি কেটে চোরাইভাবে বিক্রি হয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে তা আরও মাথাচাড়া দিয়ে বাড়ে। তখন আমরা অভিযোগ করেছিলাম। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি। তদন্ত হয়নি। সেই কারণে আবার নতুন করে অভিযোগ জানাতে এসেছি। স্যাটেলাইটের ছবি থেকে স্পষ্ট, কীভাবে ওই জায়গা থেকে মাটি কেটে বিক্রি করা হয়েছে।

অভিজিৎ বিশ্বাস শুধুমাত্র লিখিত অভিযোগ দায়ের করেননি, বরং স্যাটেলাইটের ছবিও দেখান। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পলাতক আপ্তসহায়ক সুমিত রায় থেকে শুরু করে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ লেখান তিনি। স্যাটেলাইটের ছবি থেকে স্পষ্ট যে, কোথায় ঠিক কতটা মাটি কেটে বিক্রি করা হয়েছে এবং তার জন্য ভুমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, তাদের পিছনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত সবথেকে বেশি, তাও তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।

আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে চলবে বিশেষ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

এদিকে ২০২০ সালের আমফান ঝড়ের সময় দুর্গতদের জন্য আসা ত্রাণের ত্রিপল দুর্নীতির অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে ২৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপির নেতা ববি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, পার্টি অফিসে ওই ত্রাণের ত্রিপল মজুদ করা ছিল এবং দুর্গতদের মধ্যে তা বিলানো হয়নি। এমনকি তাঁর সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল। কিন্তু তাঁদের মদত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ বিজেপি নেতার।

Leave a Comment