সৌভিক মুখার্জী, কলকাতা: আরও উন্নত হতে চলেছে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক (France–India Relations)। প্রতিরক্ষা থেকে শুরু করে এবার পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা ও বাণিজ্য, একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন করে কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পরই সামনে এসেছে বড়সড় তথ্য।
ফ্রান্স ও ভারতের ঐতিহাসিক চুক্তি
উল্লেখ্য, ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত বৈঠকে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত–ফ্রান্স দ্বিপাক্ষিক বাণিজ্য একেবারে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে ব্যবসার পরিমাণ আনুমানিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। সেটিকে ২০৩১ সালের মধ্যে ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত এবং ফ্রান্স অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করবে। একই সাথে ভারত–ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
STORY | Following Modi-Macron talks, India, France decide to double trade in next 5 years; ink raft of pacts
An innovation roadmap, a mechanism to double annual bilateral trade within next five years, and a joint artificial intelligence framework were among 13 outcomes to emerge… pic.twitter.com/nEf5mBjoZD
— Press Trust of India (@PTI_News) June 14, 2026
এদিকে এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রতিরক্ষা সহযোগিতা। ভারতীয় বায়ুসেনার জন্য ১১৪টি রাফালে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলেছে বলে খবর। জানা গিয়েছে, ভারত চাইছে এই প্রকল্পে মেক ইন ইন্ডিয়াকে গুরুত্ব দেওয়া হোক। আর সেই অনুযায়ী প্রস্তাব রয়েছে যে, ৯৬টি রাফালে যুদ্ধবিমান ভারতের মাটিতেই তৈরি হবে। যার ফলে দেশের প্রতিরক্ষা উৎপাদন শিল্পে বড়সড় গতি আসতে পারে বলেই অনুমান। এমনকি পারমাণবিক শক্তি ক্ষেত্রেও দুই দেশ নতুন সহযোগিতার পথে হাঁটছে। ছোট মডিউলার এবং আধুনিক পারমাণবিক প্রযুক্তিতে ফরাসি সংস্থাগুলির অংশগ্রহণ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে। মহারাষ্ট্রের জৈতাপুর পারমাণবিক প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে খবর।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের মাঝেই টর্নেডোর কবলে ইংল্যান্ড টিম!
পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক নিয়ন্ত্রণ নিয়েও যৌথ কর্মী দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহাকাশ গবেষণা, মানব মহাকাশ অভিযান এবং স্পেস টেকনোলজি নিয়েও ভারত এবং ফ্রান্স একসঙ্গে কাজ করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ভারতের ইউপিআই পরিষেবাকে ফ্রান্সে বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে, এবং হাই-স্পিড রেল প্রকল্প ও প্রযুক্তিগত সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। তাছাড়াও শিক্ষাক্ষেত্র বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআইটি কানপুরে একটি বিশেষ স্কিলিং সেন্টার গড়ে তোলার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এক কথায়, দুই দেশের সম্পর্ক সবদিক থেকে এবার আরও উন্নতি হতে চলেছে বলেই খবর।