সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের (United States Dollar) বিপরীতে আরও শক্তিশালী হল ভারতীয় টাকা (Indian Rupee)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং মার্কিন ডলারের শক্তি কিছুটা দুর্বল হওয়ার কারণে ভারতের মুদ্রার বাজারে পড়ল ইতিবাচক প্রভাব। বুধবার লেনদেনের শুরুতেই ডলারের বিপরীতে ৩১ পয়সা শক্তিশালী হল ভারতীয় মুদ্রা। ফরেক্স বাজারের তথ্য অনুযায়ী, এদিন সকালে বৈদেশিক মুদ্রার বাজারে ১ ডলারের বিপরীতে টাকার মূল্য দাঁড়িয়েছে ৯৪.২৯ টাকা। যেখানে আগের সেশনে টাকা ৯৪.৬০-এ বন্ধ হয়েছিল। সেখানে আজ অনেকটাই উত্থান।
কেন শক্তিশালী হচ্ছে ভারতীয় টাকা?
বিশেষজ্ঞদের মতে, এর পিছনে অন্যতম প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে যাওয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ার কারণে বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ অনেকটাই দূর হয়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে ব্যারেল প্রতি একেবারে ৭৯ ডলারের কাছাকাছি, যা বিগত তিন মাসের মধ্যে একেবারে সর্বনিম্ন স্তর। আর তেলের দাম কমে গেলে ভারতের আমদানি খরচও তুলনামূলকভাবে কমে যায়। যার ফলে বৈদেশিক মুদ্রার উপর চাপ কম পড়ে এবং ভারতীয় টাকা শক্তিশালী হয়।
এদিকে বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন–ইরান সমঝোতার কাঠামো সামনে আসার পরে তিনটি ট্রেডিং সেশনে ভারতীয় টাকা প্রায় ১.৩০ টাকা পর্যন্ত ঘুরে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাজারের মনোভাব আগের তুলনায় অনেকটাই ইতিবাচক। আর বিদেশি বিনিয়োগকারীদের সম্ভাবনাও রুপির পক্ষে কাজ করছে। মুদ্রা বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ডলার প্রতি ভারতীয় টাকার জন্য ৯৫.০০ থেকে ৯৫.৩০ টাকা শক্তিশালী স্তর হিসাবে কাজ করতে পারে।
আরও পড়ুন: ‘DA দেয়নি অথচ …’ স্মার্ট মিটার সহ নানান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জন কর্মীদের
কিন্তু যদি বিদেশী বিনিয়োগকারীদের প্রভাব বাড়তে থাকে এবং আন্তর্জাতিক পরিস্থিতি শক্তিশালী থাকে, তাহলে আগামী কয়েক দিন ডলারের বিপরীতে টাকার মূল্য আরও উন্নতি হবে, এবং তা ৯৪.০০ থেকে ৯৩.৮০ টাকার স্তরের কাছাকাছি পৌঁছাতে পারে বলেই অনুমান করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত বাজার সম্পূর্ণ নিশ্চিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের।