বাংলার বাড়ি প্রকল্পে নয়ছয়, দুর্নীতি রুখতে আবাস নিয়ে নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

অনন্যা সরকার, দক্ষিন ২৪ পরগণা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন যে, এরাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas) কাজ পুনরায় চালু করা হবে। বিগত তৃণমূল সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি ও কাটমানি আদায়ের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সাহায্য বন্ধ হয়ে যায়। তাই রাজ্যে নিজস্ব ‘বাংলার বাড়ি প্রকল্প’ (Banglar Bari) চালু করেছিল আগের শাসক। তবে সেই প্রকল্পেও দুর্নীতির ভুরিভুরি অভিযোগ সামনে এসেছে। বুধবার ফলতায় সরকারি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী  দাবি করেন, বাংলার বাড়ি প্রকল্পে ফলতায় ব্যাপক দুর্নীতি ও টাকা লুঠ হয়েছে। নাম না করে যে তিনি জাহাঙ্গীর খানের দিকেই নিশানা করেছেন, তা স্পষ্ট। 

ফলতায় বাংলার বাড়ি প্রকল্পে টাকা নয়-ছয়

বুধবার ফলতার সরকারি অনুষ্ঠানের শেষলগ্নে এসে তৃণমূল সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বাংলার বাড়ি প্রকল্পে এখানে ৮,০০০টি বাড়ির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু একটিও বাড়ি তৈরি হয়নি। সব টাকা নিয়ে চলে গিয়েছে। কে করেছে তার নাম অবশ্য তিনি নেননি। তবে মুখ্যমন্ত্রী যে অভিযোগের আঙ্গুল সরাসরি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের দিকেই তুলছেন, সেটা স্পষ্ট। 

এছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন, এই কাজে সহায়তা করেছেন তৎকালীন বিডিও (BDO)। তাঁর বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এই সব উপভোক্তার যাচাই প্রক্রিয়া শুরু করে লুট হওয়া টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করবেন বলে ফলতার সভা থেকে জেলাশাসককে নির্দেশ দেন শুভেন্দু। এছাড়াও, বাংলার বাড়ি প্রকল্পে জড়িত সমস্ত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলে গেছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুনঃ মহিলারা পাবে ১ লক্ষ টাকা, বাংলায় চালু হচ্ছে ‘ডাবল ইঞ্জিন’-র লাখপতি দিদি যোজনা

শুভেন্দু অধিকারী ফলতাবাসীদের আশ্বাস দিয়েছেন যে, পুরো তদন্তের ওপর তিনি নজর রাখবেন। এছাড়া, আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা নয়ছয় করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বাড়ির জন্য সরকারের তরফে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। সেই তালিকাও তার কাছে আছে এবং এসবের শীঘ্রই ব্যবস্থা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। 

Leave a Comment