বাহন মালিকদের ঝটকা! এই গাড়িগুলিকে বাতিল ঘোষণা করবে বিজেপি সরকার

অনন্যা সরকার, উত্তর প্রদেশ: ঘন ঘন হওয়া যানবাহন দুর্ঘটনা (Road Accident) রোধ করতে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করলো উত্তর প্রদেশ সরকার (Government of Uttar Pradesh)। এই কড়া পদক্ষেপগুলি গাড়ির মালিকদের উদ্বেগ কিছুটা বাড়িয়ে তুলতে পারে। রিপোর্ট অনুযায়ী, যে যানবাহনগুলি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটিয়েছে, সেগুলিকে বাজেয়াপ্ত করে অকেজো ঘোষণা করা হবে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। পরিবহন বিভাগের কর্মকর্তাদের এবিষয়ে কোনও রকম বিলম্ব না করে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটানো গাড়ির চালকদের লাইসেন্স (Driving Licence) ও রেজিস্ট্রেশন (RC) স্থগিত এবং বাতিল করা হবে বলেও জানা গেছে। আর রেজিস্ট্রেশন বাতিল করলে যানবাহনটিকে স্ক্র্যাপ অর্থাৎ অকেজো করে ফেলতে হবে।

দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার

রাজ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২৪,১১৮ জন ও ২০২৫ সালে ২৭,২০৫ জন মানুষের মৃত্যু ঘটেছে পথ দুর্ঘটনায়। ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই সংখ্যাটা ২,৭৮২, যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২,৭৭৩ জন। এই ক্রমবর্ধমান দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বিগ্ন উত্তর প্রদেশ সরকার। দ্রুত দুর্ঘটনার সংখ্যায় হ্রাস টানতে প্রতিটি স্তরে প্রচেষ্টা চালানো হচ্ছে। সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত প্রতিটি বিভাগকে তৎপরতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি সড়ক নিরাপত্তা সম্পর্কিত সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত বিভাগের কর্মকর্তাদের সঠিকভাবে দাপ্তরিক দায়িত্ব পালন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই গাড়ি দিয়ে বারবার দুর্ঘটনা ঘটানো চালকদের লাইসেন্স স্থগিত বা বাতিল করার আদেশ অনেক আগেই জারি করা হয়েছিল, কিন্তু আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, বারবার দুর্ঘটনা ঘটানো চালকদের ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা বাতিল করতেই হবে, এবিষয়ে কাউকে কোনও ছাড় দেওয়া যাবে না। এছাড়াও, গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে সেটিকে সরকারিভাবে বাজেয়াপ্ত করতে হবে এবং নিয়ম অনুযায়ী তা স্ক্র্যাপ করার ব্যবস্থাও নিতে হবে।

আরও পড়ুনঃ শিক্ষকদের ৫০০০ থেকে মিড ডে মিল, কেন্দ্রীয় বিদ্যালয়! বাজেটে বড় ঘোষণা

উল্লেখ্য, ১৯৮৮ সালের মোটরযান আইনের ৫৩ এবং ৫৪ ধারা অনুযায়ী, পরিবহন বিভাগের কর্মকর্তাদের একাধিকবার ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী চালকদের লাইসেন্স স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি যদি তারা নিজেদের শুধরে না নেন, তবে লাইসেন্স বাতিলও করা যেতে পারে। এই আইনের ৫৫ নম্বর ধারায় যানবাহনের রেকর্ড যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো যানবাহন একাধিক দুর্ঘটনার সাথে জড়িত হয় এবং জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি করে থাকে, তবে সেটিকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) বাতিল করে অকেজো ঘোষণা করা যায়। আর একবার বাতিল বলে ঘোষিত হলে যানবাহনটিকে স্ক্র্যাপ করতে হয়। তবে, বাস্তবে পরিবহন আধিকারিকেরা বারবার ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী চালকদের লাইসেন্স স্থগিত ও বাতিল করার জন্য ১৯ নম্বর ধারা প্রয়োগ করলেও, আরসি বাতিলের ঘটনা খুব একটা দেখা যায় না।

Leave a Comment