প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ (North Bengal) জুড়ে চলছে বৃষ্টির দাপট। এদিকে আবার বিকেলের দিকে কালবৈশাখীর জেরে লণ্ডভণ্ড অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে রয়েছে তুমুল বৃষ্টি। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে প্রবল বৃষ্টি। এক নজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
এইমুহুর্তে উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যেটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। ফলে দুর্যোগ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি এইসময় বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে উপকূল এলাকায় তীব্র ঝড় বইতে পারে। তাই আজ এবং আগামী কাল উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। তবে বিকেল হতে না হতেই দুর্যোগের ছবি দেখা যাবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, আগামীকাল দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সাত জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে এই জেলাগুলির কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সাময়িকভাবে গরম কমলেও খুব একটা স্থায়িত্ব থাকবে না।
আরও পড়ুন: SIR-র জন্য বাতিলের মুখে রেশন কার্ড! সুপ্রিম কোর্টে মামলা উঠলেও শুনল না বিচারপতিরা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে কয়টি জেলায় সাময়িক বৃষ্টি হলেও উত্তরবঙ্গে দুর্যোগের কালো মেঘ দেখা গিয়েছে। বিগত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় পরিস্থিতি খুবই খারাপ। আগামীকালও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। তাই সকলকে সাবধানে থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস।