টিকিট কেটেও ৭,০৩৫ টাকা ফাইন, যাত্রী অভিযোগ জানানোয় TTE-কে সমর্থন রেলের

অনন্যা সরকার, বেঙ্গালুরু: আইআরসিটিসি এর ওয়েবসাইট বা অ্যাপে রেলের (Indian Railways) টিকিট বুক করার সময়, যাত্রীকে অবশ্যই আধার কার্ড অনুযায়ী নাম, বয়স এবং লিঙ্গ সঠিকভাবে লিখতে হয়। টিকিট পরীক্ষক বা টিটিই (TTE) অনেকসময় বানানের ভুল উপেক্ষা করেন, যদিও লিঙ্গ এবং বয়স যদি ভুল লেখা হয় তবে সমস্যায় পড়তে পারেন যাত্রী। এরকমই এক ঘটনা ঘটেছে বেঙ্গালুরু থেকে নাগপুরগামী এক যাত্রীর সাথে। টিকিট বুকিংয়ের সময় ভুল করে নিজের বয়স ১ বছর লিখেছিলেন বলে টিটিই ৭,০০০ টাকা জরিমানা (Fine) করেছে। আসুন ঘটনাটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 

একটি ভুলের জন্য ৭০০০ টাকা জরিমানা

রমাকান্ত নামের এক যাত্রী তার পিএনআর দিয়ে লিখেছেন যে, গত ২৩ জুন তিনি বেঙ্গালুরু থেকে নাগপুরগামী ২২৬৯১ রাজধানী এক্সপ্রেসে যাত্রা করছিলেন। যাত্রাপথে টিটিই তাকে প্যান্ট্রি কোচে নিয়ে গিয়ে অতিরিক্ত ৭,০৩৫ টাকা দাবি করেন। সেই টাকা কেন দিতে হবে তা তখন বুঝতে পারেননি ওই যাত্রী। যখন তিনি নিরাপত্তার স্বার্থে ঘটনার ভিডিও করার চেষ্টা করেন, তখন টিটিই তাকে বাধা দেন।

রমাকান্ত জানান যে, তার বুক করা সেকেন্ড এসি টিকিটের দাম ছিল ৩,৫৮৯ টাকা। টিকিট বুক করার সময় তিনি তার বয়স ২৪ বছরের পরিবর্তে ভুল করে ১ বছর লিখে দেন। এই ভুলটি অনিচ্ছাকৃত ছিল এবং বয়স কমানোর ফলে তার কোনো লাভ হয়নি। যাত্রী দাবি করেন, যাত্রা করার সময় তার কাছে সমস্ত সরকারি পরিচয়পত্র ছিল, যা তার টিকিট এবং পরিচয়ের সাথে মিলে যায়। কিন্তু তাও তাকে ৭,০৩৫ টাকা জরিমানা দিতে হয়েছে, ফলে তার মোট ভাড়া দাঁড়িয়েছে ১০,৬২৪ টাকা। রেল মন্ত্রক এবং আইআরসিটিসি-কে ট্যাগ করে রমাকান্ত প্রশ্ন তুলেছেন, এই চার্জ কি রেলের নিয়ম অনুযায়ী তার থেকে নেওয়া হয়েছে? প্রয়োজনে ইএফটি-র বিবরণ, টাকার দেওয়ার প্রমাণ, ছবি ও রেকর্ডিং – সবই তিনি দেখাতে পারেন বলে জানান। 

রেল মদত-এ (RailMadad) অভিযোগ করার পর রেলওয়ের তরফে যাত্রীকে জানানো হয়েছে, তার টিকিট পরীক্ষা করে দেখা গেছে যে বয়সের তথ্য ভুল ছিল এবং সেটি তার প্রকৃত বয়সের সাথে মেলেনি। এক্ষেত্রে রেল কর্তৃপক্ষ টিকিট বুকিং করার পর যাত্রীদের তাদের টিকিটের তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে। যদি কোনো যাত্রী দেখেন তিনি ভুল তথ্য দিয়ে ফেলেছেন তাহলে চার্ট তৈরি ও যাত্রা শুরুর আগে নিকটতম পিআরএস (PRS) কাউন্টারে ভুল সংশোধন করে নেওয়া যায়।

এক্ষেত্রে রমাকান্ত ট্রেনে ওঠার আগে ভুল সংশোধন করেননি। তাই বৈধ টিকিট ছাড়া ভ্রমণ করার জন্য রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৩৮নং ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭,০৩৫ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ০২২৫৩১৮ ইএফটি নম্বরের মাধ্যমে তা আদায় করা হয়েছে। সুতরাং, টিটিই-এর পদক্ষেপ বিদ্যমান রেলওয়ে আইন মেনেই ছিল।

আরও পড়ুনঃ ১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, দেখুন ভিডিও

তবে এই যাত্রীর পোস্ট দেখার পর লোকেরা মন্তব্য করতে শুরু করে যে ১ বছর বয়সে টিকিট বুকিং করা যায় না, তাই যাত্রীর ভিডিওটি ভুয়া। কিন্তু রামাকান্ত স্ক্রিন রেকর্ডিংয়ের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় যে তিনি ১ বছর বয়স লেখার পরেও টিকিট পাচ্ছিলেন। যদিও, আইআরসিটিসি-র টিকিট বুকিং অপশনে আগেই বলা রয়েছে যে বয়স ৫ বছরের কম হলে টিকিট বুক করা যায় না। এই পরিস্থিতিতে, যদি যাত্রী ভুলবশত ১ বছর বয়স দিয়ে টিকিট বুক করে থাকেন, তাহলে প্রথম ত্রুটিটি টিকিট বুকিং সিস্টেমেই রয়েছে বলে মনে হচ্ছে। আবার ভুল বয়স দেওয়ার জন্য যাত্রীও ত্রুটি রয়েছে। 

Leave a Comment