অনন্যা সরকার, নয়া দিল্লি: রেশন (Ration) গ্রাহকদের জন্য বড় খবর! অন্ত্যোদয় অন্ন যোজনার (Antyodaya Anna Yojana) খাদ্যশস্য বরাদ্দে কেন্দ্র সরকার পরিবর্তন আনতে চলেছে বলে খবর। এই যোজনার অধীনে এতদিন পরিবার পিছু মাসে ৩৫ কেজি চাল বা গম পেতেন উপভোক্তারা। সরকারের নতুন প্রস্তাব কার্যকর হলে সেই নিয়মে বদল আসতে পারে। তাহলে এবার পরিবার প্রতি কত রেশন ধার্য করা হবে, আসুন জেনে নেওয়া যাক।
রেশনে বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণে পরিবর্তন
ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৩-এ বিশেষ সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, পরিবার পিছু নির্দিষ্টভাবে ৩৫ কেজি চাল বা গম আর দেওয়া হবে না। তার বদলে প্রতি সদস্যকে ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
কিন্তু, পরিবার যত বড়ই হোক না কেন মাসে সর্বোচ্চ ৩৫ কেজির বেশি রেশন পাওয়া যাবে না। যে পরিবারে সদস্য সংখ্যা কম, তাদের বরাদ্দও কমবে। যেমন, ২ জনের পরিবারে জনপ্রতি ৭ কেজির হিসাবে ১৪ কেজি, ৩ জনের পরিবারে ২১ কেজি আর ৫ জনের পরিবার ৩৫ কেজি খাদ্যশস্য পাবে। কিন্তু যে পরিবারে ৫ জনের বেশি সদস্য, তারা ৩৫ কেজির বেশি চাল-গম পাবেন না।
আরও পড়ুনঃ ৫০০০ টাকা দিয়ে শুরু, আজ ১২ কোটির ব্যবসা! IIM ছেড়ে স্টার্টআপে সাফল্য কলকাতার মেঘার
মনে করা হচ্ছে, এই পরিবর্তনের ফলে অন্ত্যোদয় অন্ন যোজনায় অন্তর্ভুক্ত বহু গরিব পরিবার সরাসরি প্রভাবিত হতে পারে। বিশেষ করে ছোট পরিবারগুলির মাসিক রেশন আগের তুলনায় অনেকটাই কমে যেতে পারে। তবে কেন্দ্র সরকার বলেছে, রেশন গ্রহীতাদের মধ্যে খাদ্যশস্যের সঠিক বণ্টনের জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংশোধনীর জন্য ১৩ জুলাই পর্যন্ত সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। তাই এখনই নিয়ম বদলের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। যদিও, প্রস্তাব কার্যকর হলে বহু পরিবারের মাসিক খাদ্যশস্যের পরিমাণে কোপ পড়তে পারে।