প্রীতি পোদ্দার, কলকাতা: আষাঢ় মাসে পড়তে না পড়তেই উত্তরবঙ্গে (North Bengal) শুরু হয়েছে দুর্যোগের দাপট। ভারী বৃষ্টির জেরে রীতিমত নাজেহাল অবস্থা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। টানা কয়েক সপ্তাহ ধরে এমনই পরিস্থিতি থাকায় আতঙ্কে দিন গুনছে স্থানীয়রা। ইতিমধ্যেই উত্তরের নদীগুলির জলস্তরও বেড়ে গিয়েছে। এখনই আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এদিকে আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝিরে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের মতে, বর্তমানে উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাও সক্রিয়। আর এই দুই আবহাওয়াগত কারণে রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভূমিধসের পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই গরমের হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, সকাল থেকে রোদের দাপট থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভ্যাপসা অস্বস্তিকর গরম বজায় থাকবে। এরপর বিকেল গড়াতেই বদলে যাবে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ এর সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়।
আরও পড়ুন: অপারেশনের সময় ভুল করে কেটে দেয় অন্য শিরা! ‘আল্লাহর ইচ্ছে’ বলে দায় এড়ালেন ডাক্তার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হলেও, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও মারাত্মক। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আশঙ্কা করা হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কিছু কিছু এলাকায় ২০ সেন্টিমিটারের চেয়েও বেশি বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।