বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়তেই দলের অন্দরে দেখা দেয় ভাঙন। পরবর্তীতে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) হাত ধরে তা ক্রমশ স্পষ্ট হতে থাকে। শেষ পর্যন্ত তৃণমূলের 60 এর বেশি বিধায়ককে নিয়ে নতুন তৃণমূল গড়েছেন ঋতব্রত। ঠিক সে কারণেই এবার তৃণমূলের প্রতীক, দলের নাম ভাঁড়িয়ে দলের কর্মীদের বিভ্রান্ত করার অভিযোগে ঋতব্রতর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
ঋতব্রতার বিরুদ্ধে বিরাট অভিযোগ কালীঘাট তৃণমূলের
গত সোমবার, নিউটনের পার্শ্ববর্তী একটি হোটেলে দলের বিধায়কদের সাথে বৈঠক করে কর্মসমিতি গড়ে ফেলেন ঋতব্রত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ঋতব্রতর সেই কর্মসমিতিতে ঠাঁই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তার পর পরই এবার ঋতব্রতর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কালীঘাট তৃণমূল।
মমতার দলের অভিযোগ, তৃণমূলের প্রতীক নিয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ঋতব্রত সহ তাঁর অনুগামীরা। ঠিক সে কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের তরফে সাংসদ দোলা সেন কালীঘাট এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। আদি তৃণমূলের তরফে দায়ের করা অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উল্লেখ রয়েছে অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহাদের নামও।
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মনে করছে, আলাদা করে বৈঠক সেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কর্মসমিতি গড়ে তুলেছেন এবং যা যা করছেন এর পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। তাঁদের কথায় এবং নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে তৃণমূলের সাধারণ কর্মীদের বিভ্রান্ত করছেন ঋতব্রতরা। মূলত সে কারণেই অভিযোগপত্রে ঋতব্রতদের পেছনে থাকা অদৃশ্য ব্যক্তিকে চিহ্নিত করার আবেদন জানানো হয়েছে।
অবশ্যই পড়ুন: জর্ডানকে গুঁড়িয়েও চিন্তায় আর্জেন্টিনার কোচ, বড় দলের সামনে মেসিদের হারের আশঙ্কা
বলাই বাহুল্য, সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিধায়করা নিউটাউনের যে হোটেলে বৈঠক করেছিলেন সেটা নিউটাউন থানার অন্তর্গত। ঠিক সে কারণেই কালীঘাটের পাশাপাশি নিউটাউন থানাতেও অভিযোগ করা হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে। মমতাপন্থী দোলা সেনের তরফে অভিযোগ করা হয়েছে, আসল তৃণমূলের প্রতীক সহ সবকিছু ব্যবহার করে অবৈধ কাজকর্ম করছেন ঋতব্রত-সন্দীপনরা। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করা হোক।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তরফে থানায় অভিযোগ দায়ের করার খবর পেতেই নতুন তৃণমূলের প্রধান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন, “অভিযোগ যে কেউ জানাতেই পারেন। দেশে একটা আইন কানুন বলে বিষয় রয়েছে। সেই মোতাবেক সব হোক। ভারতবর্ষের আইন এবং নির্বাচন কমিশনের উপর অটুট ভরসা রাখছি।”