সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে সোমবার। সেই বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী একেবারে ঢেলে উপহার দিয়েছে রাজ্যবাসী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের। এরই মধ্যে আশা কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করা হয়। হ্যাঁ, একধাক্কায় রাজ্যের সমস্ত আশা কর্মীদের বেতন ৫০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বাজেটে নিজেই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে তাতেও খুশি নন আশা কর্মীরা (Anganwadi Workers)। এ নিয়ে এবার বিক্ষোভে নামলেন তারা।
বেতন বৃদ্ধিতেও খুশি হন আশা কর্মীরা
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আইসিডিএস বা আশা কর্মীদের মাসিক বেতন ৫০০০ টাকা বাড়ানোর পরেও তারা একাধিক দাবি তুলে বিক্ষোভে নেমেছেন। এদিন নদীয়ার শান্তিপুরে এরকমই এক বিক্ষোভ মিছিল লক্ষ্য করা যায়। যেখানে তাদের স্পষ্ট দাবি, এই সামান্য বেতন বৃদ্ধি তাদের জন্য যথেষ্ট নয়। এমনকি স্থায়ীকরণের দাবি তোলেন মহিলারা। আন্দোলনকারী মহিলাদের মধ্যে একজনের বক্তব্য, “আমরা রাজ্য সরকারের কাছে আমাদের স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ৫০০০ টাকা বেতন বৃদ্ধি এখনকার সময় কিছুই নয়। মূল্যবৃদ্ধির বাজারে আমাদের চলা দুষ্কর।”
এমনকি ওই মহিলার আরও সংযোজন, “আমাদের ন্যূনতম বেতন যাতে ২৬ হাজার টাকা করা হয় সেই দাবি জানাচ্ছি আমরা। বর্তমানে ডিমের দাম অতিরিক্ত হারে বেড়েছে। সবজির দামও আকাশছোঁয়া। আমরা যেন বাজার দর অনুযায়ী ডিম এবং সবজি পাই। পাশাপাশি আমাদের আইসিডিএস পরিকাঠামো যেন ঠিকঠাক থাকে। আমরা ৫ হাজার টাকা বেতন বাড়ানোতে খুশি হয়েছি। কিন্তু আমরা চাই যাতে আমাদের নিরাপত্তা আসে। ফিল্ডে কাজ করতে গিয়ে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন জমা দিতে এসেছি, যাতে আমাদের সমস্যার সুরহা হয়।”
আরও পড়ুন: আয়ুষ্মান ভারতের ফর্ম বিলি করতে গিয়েই পড়ল ধরা! রেশন কার্ডে দুর্নীতির পর্দাফাঁস
এমনকি মোবাইল রিচার্জের প্রসঙ্গ তুলে মহিলার সংযোজন, এখন শুনছি আমাদের নতুন ফোন এবং সিমের প্রয়োজন। রিচার্জের জন্য আমাদের ১৬৬ টাকা দেয়। কিন্তু ১৬৬ টাকায় রিচার্জ হয় না। সেই জন্যই আমরা ডেপুটেশন জমা দিতে এসেছি। তাঁর কথা থেকে স্পষ্ট, রাজ্য সরকার যেটুকু বরাদ্দ করেছে তাদের জন্য, তাতে তারা খুশি নন। এমনকি মোবাইল রিচার্জের বরাদ্দটুকুও ঠিকঠাক দেওয়া হয় না বলেই দাবি ওই কর্মী সংগঠনের। এখন দেখার, রাজ্য সরকার এ বিষয়ে কোনও পুনরায় ব্যবস্থা নেয় কিনা।