অনন্যা সরকার, কলকাতা: বেশ কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে চর্চায় রয়েছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতনের পর, একগুচ্ছ তৃণমূল সাংসদ দল ছেড়ে বেরিয়ে এসেছেন, সেই বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন রচনাও। এই নিয়ে তোলপাড় চলছে বিভিন্ন মহলে। তার মধ্যেই জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’ (Didi No 1)-এর সঞ্চালকের ভূমিকা থেকে বাদ পড়েন রচনা। সেই জায়গায় এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দীর্ঘ এক যুগের এই সঞ্চালনার যাত্রা পথে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ‘রিল লাইফের দিদি’। তার মধ্যে কিছু ভাগ করেও নিয়েছেন বিভিন্ন সময়ে। জানেন কি হিন্দু হয়েও নিয়মিত বোরখা পড়তে হত তাকে! কিন্তু কেন? জানিয়েছেন নিজেই।
‘দিদি নম্বর ১’-এ দীর্ঘদিনের পথ চলা রচনার
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দিদি নম্বর ১-এ সঞ্চালনা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মন জয় করেছিলেন আবালবৃদ্ধবনিতার। ২০১০ সাল থেকে সঞ্চালক হিসাবে পথচলা শুরু, ২০২৬-এ এসে দীর্ঘ যাত্রাপথের অবসান হল। টেলিভিশনের পর্দায় আসার আগে অভিনেত্রী হিসেবে রচনা বাংলার পাশাপাশি ওড়িয়া, তামিল, তেলেগু, কন্নড় সহ একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এমনকি বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা পান। তাই অভিনয় জগত থেকে সরে আসার পর টেলিভিশনের জগতে পা রাখতে প্রথমে কিছুটা দোনোমোনাই করছিলেন রচনা। কিন্তু দিদি নম্বর ১-এ তার যাত্রা শুরু হওয়ার পর আর পিছনে ফিরে দেখতে হয় তাকে।
সেসময় ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চাপে ছিলেন রচনা। স্বামী প্রবাল বসুর সাথে দাম্পত্য সমস্যা চলেছে। এদিকে ছেলে রৌনকের বয়স তখন মাত্র ৩ বছর। সেসব সমস্যা নিয়েই প্রতিদিন শুটিংয়ের চাপ সামলেছেন। শুটিং শেষ করে তাড়াতাড়ি ছেলের কাছে ফেরার জন্য নির্দ্বিধায় চেপে বসতেন গণপরিবহনে। আর পরিচিতি লুকিয়ে নিতেন বোরখার আড়ালে।
দিদি নম্বর ১-এর মঞ্চেই এই বিষয়ে জানিয়েছিলেন রচনা। শুটিং স্টুডিও থেকে কালীঘাট অবধি যেতে প্রায় রোজই যানজটে পড়তে হতো তাকে। আর এই যানজট থেকে বাঁচার উপায় ছিল মেট্রো। তাই রোজ শুটিং-এর পর গাড়ি করে পৌঁছে যেতেন মেট্রো স্টেশনে। স্টেশনে নামার আগে পড়ে নিতেন বোরখা। তারপর মেট্রো করে কালীঘাট স্টেশনে নামতেন। সেখানে অপেক্ষা করত তার বাড়ির গাড়ি। সেই গাড়ি করে সোজা বাড়ি। কাজ সামলেও সন্তানকে বেশি সময় দেওয়ার জন্য এভাবেই দীর্ঘদিন কর্মস্থল থেকে বাড়ি যাতায়াত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ কল্যাণীতে মেট্রো, নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর ট্রেন! রেলের কাছে একাধিক দাবি জগন্নাথ সরকারের
যে শো-এর সাথে দীর্ঘদিন এইভাবে যুক্ত ছিলেন, সেখান থেকে আচমকা সরিয়ে দেওয়ায় যে বিরক্ত হয়েছেন রচনা, তা তার সাম্প্রতিক বক্তব্যগুলি থেকে স্পষ্ট। রাজনীতির ময়দানে নামার পরে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থেকেও দিদি নাম্বার ১-এর শুটিংয়ের জন্য সময় বার করে নিতেন। দীর্ঘদিনের এই সম্পর্কের পরেও, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কোনো নোটিশ বা ন্যূনতম সময়টুকু দেওয়া হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন রচনা। তবে নতুন সঞ্চালিকা হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন জানাতে ভোলেননি। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে দিদি নম্বর ১ সিজন ১০-এর সম্প্রচার।