সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি Maruti Suzuki Brezza এবার নতুন রূপে বাজারে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে গ্রাহকদের পছন্দের তালিকায় থাকা এই গাড়িটির নতুন ফেসলিফট ভার্সন লঞ্চ হতে চলেছে। এমনকি বাজারে আসার পর থেকে এখনও পর্যন্ত Brezza এর 14 লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে এই এসইউভি আরও আধুনিক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এমনকি তা সরাসরি Tata Nexon, Hyundai Venue গাড়িগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
কী কী পরিবর্তন আসছে এই গাড়িতে?
আসলে নতুন Maruti Suzuki Brezza মডেলের সবথেকে বড় পরিবর্তন হতে পারে এর গিয়ারবক্সে। বর্তমান 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের পরিবর্তে এটিতে এবার দেওয়া হতে পারে 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। যার ফলে হাইওয়েতে গাড়ি চালানো আরও আরামদায়ক হবে, ইঞ্জিনের উপর চাপ অনেকটাই কম পড়বে এবং জ্বালানি সাশ্রয় হবে ও মাইলেজ অনেকটা বাড়বে। কিন্তু ইঞ্জিনে সেরকম কোনও পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। নতুন Suzuki Brezza-তে থাকতে পারে আগের মতো 1.5 লিটার K15C পেট্রোল ইঞ্জিন, যেটি 102 bhp পাওয়ার উৎপন্ন করতে পারে।
তবে মারুতির সিএনজি গাড়িগুলির অন্যতম সমস্যা ছিল বুট স্পেস কমে যাওয়া। কারণ, সাধারণত সিএনজি সিলিন্ডারের জন্য ডিক্কিতে অনেকটা জায়গা লাগে। কিন্তু নতুন Brezza সিএনজি মডেল সেই সমস্যার সমাধান করতে পারে। রিপোর্ট অনুযায়ী, এবার সিএনজি সিলিন্ডার দেওয়া হতে পারে গাড়ির ফ্লোরের নিচের দিকে। ফলে ডিক্কিতে আরও বেশি জায়গা পাওয়া যাবে, সহজে লাগেজ রাখা যাবে এবং সিএনজি গাড়ির ব্যবহার আরও সুবিধাজনক হবে।
এদিকে নতুন Maruti Suzuki Brezza গাড়ির ভেতরের অংশেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলেই অনুমান করা হচ্ছে। সবথেকে বড় আপডেট দেখা যেতে পারে এই গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমে। বর্তমানে 9 ইঞ্চির স্ক্রিনের জায়গায় এবার এতে দেওয়া হতে পারে 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেখানে থাকবে উন্নত গ্রাফিক্স এবং আরও ভালো কানেক্টিভিতি ফিচার। এছাড়াও এই গাড়িটিতে আগের মতোই কিছু জনপ্রিয় ফিচার যুক্ত থাকতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—হেড-আপ ডিসপ্লে, ইলেকট্রিক সানরুফ, 360 ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, ওয়্যারলেস কানেক্টিভিটি।
আরও পড়ুন: “যে দিয়েছে আর যে নিয়েছে, দু’জনকেই জেলে পাঠাব”, ভুয়ো সার্টিফিকেট নিয়ে রনংদেহি মুখ্যমন্ত্রী
এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে Maruti Suzuki Brezza এর এক্স শোরুম দাম শুরু হয় সাধারণত 8.26 লক্ষ টাকা থেকে। কিন্তু নতুন মডেলে নতুন ফিচার, ৬-স্পিড গিয়ারবক্স এবং সিএনজি আপডেট যোগ হওয়ার কারণে দাম কিছুটা বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।