গিগ ওয়ার্কারদের PF, ESI, দক্ষিণেশ্বর-কালীঘাট ট্রাম! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর

অনন্যা সরকার, কলকাতা: বুধবার মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে রাজ্যের শিল্পপতি ও ব্যবসায়ীদের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) পশ্চিমবঙ্গে নির্দ্বিধায় বিনিয়োগ (Investment) করার জন্য আহ্বান জানিয়েছেন। সমস্ত দায়িত্ব রাজ্যে সরকার নেবে বলেও আশ্বাস দেন তিনি। এর সাথেই তিনি অনুষ্ঠানে সরকারি বাসের সংকট মেটানো, ট্রাম (Kolkata Tram) চালানো এবং সুইগি-জোম্যাটোর ডেলিভারি বয়দের পিএফ (PF) ও ইএসআই (ESI) নিয়ে অনেকগুলো উল্লেখযোগ্য ঘোষণা করেছেন।

পরিবহন মন্ত্রীর একগুচ্ছ বার্তা 

অর্জুন সিং চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন, সরকারের কোনো দপ্তর ২-৩ মাস জরুরি ফাইল আটকে রাখলে সরাসরি তাদের জানাতে। এরাজ্যে বিনিয়োগ করলে বাংলার অনেক ছেলেমেয়ে চাকরির সুযোগ পাবে। তাই তাদের বিনিয়োগ করার জন্য উৎসাহ দেন। তিনি আশ্বাস দেন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে পরিবেশ, সব সমস্যা মেটাবে সরকার। সরকারকে আরও ভালো করতে শিল্পপতিদেরও মতামত নেওয়া হবে বলেও জানান অর্জুন সিং। 

এর পাশাপাশি, রাজ্যে সরকারি বাসের দুর্দশা নিয়েও এদিন মুখ খোলেন পরিবহন মন্ত্রী। তিনি অকপটে জানান, বর্তমানে রাজ্যের হাতে পর্যাপ্ত সরকারি বাস নেই, ৪ মাস আগে ৬০টি বাস এসেছিল, যেগুলি এখন রাস্তায় চলছে। তবে শীঘ্রই আরও ৪৭০টি নতুন সরকারি বাস রাস্তায় নামবে বলে জানান অর্জুন সিং। ইলেকট্রিক বাস প্রসঙ্গেও তিনি মন্তব্য করেছেন। তার মতে, ই-বাস চালানোই যায়, কিন্তু এই মুহূর্তে রাস্তায় পর্যাপ্ত চার্জিং স্টেশন তৈরি হয়নি। পুজোর আগে এগুলির তৈরির কাজ মিটবে বলেও জানান মন্ত্রী। এসি বাসের চালক ও কর্মীদের জন্য একটি নির্দিষ্ট ‘ড্রেসকোড’ চালু করা নিয়েও সরকারের পরিকল্পনা সর্ম্পকে এদিন জানিয়েছেন অর্জুন সিং। 

কলকাতার ট্রাম পরিষেবা পুনরায় চালু করা নিয়েও একগুচ্ছ চমকপ্রদ তথ্য অনুষ্ঠানে ভাগ করে নেন পরিবহন মন্ত্রী। তিনি জানিয়েছেন, ট্রাম আগের মতোই ৭০টি রুটে চলাচল করবে। তবে আগে যেমন রাস্তা মাঝখান দিয়ে ট্রাম চলতো বলে অন্যান্য যানবাহন চলাচলে অসুবিধা হত, এবার তেমনটা আর হবে না। এবার থেকে ট্রাম চলবে রাস্তার বাঁদিক ঘেঁষে। ট্রামলাইন দিয়ে দক্ষিণেশ্বরের সঙ্গে কালীঘাটকে জুড়ে দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। আবার রাজারহাট-নিউটাউনেও নতুন ট্রাম পরিষেবা চালু করা হবে। নতুন রুট চালু করার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘রাইটস’ (RITES)-কে পরিকল্পনা ও সমীক্ষার দায়িত্ব দেওয়া হবে বলেও জানান অর্জুন সিং। 

আরও পড়ুনঃ মিলছে না রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এছাড়াও, এদিন অনুষ্ঠান থেকে সুইগি (Swiggy), জোম্যাটো (Zomato)-র মতো অ্যাপ-নির্ভর ফুড ডেলিভারি সংস্থাগুলোর জন্য কড়া বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, কর্মরত হাজার হাজার ডেলিভারি কর্মী তথা গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পিএফ (PF) এবং ইএসআই (ESI)-এর সুবিধা দিতে হবে সংস্থাগুলিকে। শিল্পে বিনিয়োগের আহ্বান থেকে ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন – পরিবহণ মন্ত্রীর এই একগুচ্ছ বার্তা আগামী দিনে কতটা ফলপ্রসূ হয়, সেটা দেখতেই  মুখিয়ে আছে রাজ্যবাসী। 

Leave a Comment