প্রীতি পোদ্দার, কলকাতা: রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গেই কলেজে ভর্তির তোড়জোর শুরু করে দেয় পড়ুয়ারা। আর দ্বাদশ উত্তীর্ণদের মধ্যে অনেকেরই প্রথম পছন্দ থাকে ইঞ্জিনিয়ারিং। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা কম নয়। কিন্তু প্রতি বছর ভর্তির ক্ষেত্রে সকলেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বেছে নেয়। কিন্তু এবার পালা বদল হতেই প্রথমবার, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির(West Bengal Government Engineering College) সমস্ত আসন পূর্ণ হয়েছে। বড় তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
সরকারি কলেজ নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “বহু বছর পর এই প্রথম, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন পূর্ণ হয়ে যাওয়াটা অত্যন্ত গর্ব ও আশার বিষয়। এই প্রবণতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চতর কারিগরি শিক্ষার জন্য আমাদের রাজ্যকেই বেছে নিচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রের পরিবেশের ওপর যুবসমাজের এই আস্থা দেখে আমি সত্যিই আনন্দিত। সমগ্র রাজ্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে আমাদের সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”
প্রথম রাউন্ডে ভর্তির ডেডলাইন কবে?
মুখ্যমন্ত্রী ওই পোস্টের মাধ্যমে আরও জানিয়েছেন যে, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ ঘটাতে এবং উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক উন্নত পরিবেশ গড়ে তুলতে আমরা বেশ কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল রাজ্যে বিশ্বমানের সুযোগ-সুবিধা তৈরি করে ‘ব্রেন ড্রেন’ -কে ‘ব্রেন গেইন’-এ রূপান্তরিত করা, যাতে আমাদের প্রতিভাবান যুবসমাজ এখানেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এবং পশ্চিমবঙ্গের উন্নতিতে অবদান রাখতে পারেন।” জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮৭ টি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম রাউন্ডে ভর্তি চলবে আগামী শনিবার অর্থাৎ ১১ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: বাংলায় সেমিকন্ডাক্টর ইউনিট গড়তে আগ্রহী জাপানের মিৎসুবিশি, নবান্নে হল বৈঠক
জানা গিয়েছে, চলতি বছর ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও আর্কিটেকচার কোর্সের ভর্তির প্রক্রিয়া অনেক আগে শুরু হয়েছ। এবছরও ইঞ্জিনিয়ারিং এর ভর্তিতে বেশ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। পরিসংখ্যান বলছে, গত বছর যেখানে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য প্রথম রাউন্ডে ভর্তি হয়েছিল ২৭,১৩৫ জন ছাত্রছাত্রী, সেখানে এবছর ৩৬,৪৩১ সংখ্যক ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৪.২৬ শতাংশ বেশি। সূত্রের খবর, ভর্তির জন্য মোট তিন রাউন্ড কাউন্সেলিং জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে। তাই আশা করা যাচ্ছে এ বছরে ইঞ্জিনিয়ারিং শাখার ভর্তিতে ছাত্রসংখ্যা অনেকটাই বাড়বে।