বর্ষার সন্ধ্যায় মোচা আর চিংড়ি দিয়ে বানিয়ে নিন লোভনীয় চপ, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্ধ্যা হলেই মনটা কেমন যেন টক, ঝাল স্ন্যাকসের (Evening Snacks) জন্য পাগল পাগল করে। কিন্তু সবসময় বাইরের খাবার খাওয়াও ঠিক নয়, তাই অগত্যা বাড়ির রান্নাতেই (Recipe) ভরসা রাখতে হয়। মোচার চপ কম বেশি আমরা অনেকেই খেয়েছি। কিন্তু কখনও কি মোচার সঙ্গে চিংড়ি মাছ মিশিয়ে চপ (Mocha Chingri Chop) খেয়েছেন? বর্ষার সন্ধ্যে গরম গরম এই চপের স্বাদ আরও তিনগুণ বাড়িয়ে দেবে। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

মোচা চিংড়ি চপ বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — মোচা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, ময়দা, নারকেল কোড়া, চিনি, আলু সেদ্ধ, গরম মশলা, চিংড়ি মাছ, সর্ষের তেল, সাদা তেল।

রান্নার পদ্ধতি

মোচা চিংড়ি রান্নার জন্য প্রথমে মোচাগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে জলে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য সরষের তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে হালকা ভেজে নিতে হবে। মসলা হিসেবে দিতে হবে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনেগুঁড়ো এবং চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ৫-৭ মিনিট ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করা আলু এবং কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দিতে হবে।

ভালো করে পুরো মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর যখন আস্তে আস্তে জল টেনে নেবে তখন নামানোর আগে কোরআন ও নারকেল এবং গরম মসলা দিয়ে মাখিয়ে নামিয়ে নিতে হবে। অন্যদিকে সামান্য সরষের তেল গরম করে চিংড়ি মাছ গুলোকে হালকা ভেজে নিতে হবে। এবার হাতে সরষের তেল মাখিয়ে নিয়ে আগে থেকে তৈরি করা মিশ্রণটি সামান্য নিয়ে গোল পাকিয়ে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটা একটা করে ভেতরে ঢুকিয়ে সেটিকে ফের মিশ্রণ দিয়ে আটকে দিতে হবে।

আরও পড়ুন: ইলিশ দিয়ে বাড়িতেই বানান রাজকীয় পোলাও, রইল রান্নার পদ্ধতি

এবার একটি বাটিতে সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ এবং নুন ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু একটু জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে এবার সাদা তেল গরম করে নিয়ে নিতে হবে, এবং চিংড়ি মাছের চপগুলোকে কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। হালকা বাদামি হলেই চপগুলোকে তুলে নিতে হবে। ব্যস, তাহলেই তৈরি মোচা চিংড়ি চপ।

Leave a Comment